কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। ভিড় এড়িয়ে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার লক্ষ্যে রাজ্যে অতিরিক্ত ৪,৬৬০টি ‘অক্সিলিয়ারি পোলিং স্টেশন’ বা সহায়ক ভোটকেন্দ্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই নতুন পোলিং স্টেশন?
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোনও একটি পোলিং স্টেশনে ভোটারের সংখ্যা ১,২০০ অতিক্রম করলে সেখানে ভোটদাতাদের লম্বা লাইন এবং ভোট পরিচালনায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সেই ভিড় এড়াতেই মূলত এই ৪,৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, সাধারণ ভোটারদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাজ্যের ৩২১টি পোলিং স্টেশনকে পুরনো জায়গা থেকে সরিয়ে সুবিধাজনক নতুন জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে।
মোট ভোটকেন্দ্রের সংখ্যা কত হল? Auxiliary polling stations
কমিশনের এই নয়া নির্দেশের পর, মূল ও অক্সিলিয়ারি মিলিয়ে রাজ্যে মোট পোলিং স্টেশন বা ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৩৭৯টিতে।
কমিশনের কড়া নির্দেশিকা
নতুন ভোটকেন্দ্র তৈরি বা পুরনো কেন্দ্রের ঠিকানা বদলের কারণে সাধারণ মানুষ যাতে ভোটের দিন হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অতিরিক্ত ভোটকেন্দ্র তৈরি হলে বা ঠিকানা বদল হলে, এলাকার প্রতিটি ভোটারকে সে বিষয়ে আগে থেকে অবগত করতে হবে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে এই পরিবর্তনের বিষয়ে ব্যাপক প্রচার চালাতে হবে।সমস্ত রাজনৈতিক দলগুলিকেও এই বদলের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।




















