মৌখালিতে প্রশাসনের বুলডোজার, ভাঙা হচ্ছে শওকত মোল্লার ছেলের ক্যাফে

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালিতে প্রশাসনের নির্দেশে ভাঙা শুরু হল ‘অরণ্যের কুলে’ নামে একটি ক্যাফে। সংশ্লিষ্ট ক্যাফেটি বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান…

Aranyer Kule Cafe Demolition

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালিতে প্রশাসনের নির্দেশে ভাঙা শুরু হল ‘অরণ্যের কুলে’ নামে একটি ক্যাফে। সংশ্লিষ্ট ক্যাফেটি বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বলে জানা গিয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে বেআইনিভাবে এই নির্মাণ গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। (Aranyer Kule Cafe Demolition)

কী কারণে এই পদক্ষেপ?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নির্মাণটি নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে। গত ২৯ জুন জেলা প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও মালিকপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায়, বুধবার প্রশাসন নিজেই ভাঙার কাজে হাত দেয়। এদিন সকাল থেকেই ভারী যন্ত্রপাতি ও পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ভাঙার অভিযান শুরু হয়।

   

তৎপর প্রশাসন

জীবনতলা থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এই অভিযান চালানো হচ্ছে। আদালতের নির্দেশ বা সরকারি নিয়ম না মানার জেরেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এলাকার মানুষের একাংশ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই নির্মাণ নিয়ে বিতর্ক ছিল। শেষ পর্যন্ত প্রশাসনের এই বুলডোজার অ্যাকশন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে মালিকপক্ষের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।