
কলকাতা: টলিউড থেকে রাজনীতির আঙিনায় পা রাখার তালিকায় কি এবার নয়া সংযোজন গায়ক অনীক ধর? শুক্রবার দুপুরে সমাজমাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সেই জল্পনাই উস্কে দিলেন রিয়েলিটি শো খ্যাত এই গায়ক। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে এই সাক্ষাৎকে নিছক ‘ সৌজন্য’ বলে মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ করা ওই পোস্টে অনীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডায়নামিক’ নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “সাহসকে সম্বল করে তিনি নেতৃত্ব দেন, আর হৃদয় দিয়ে মানুষের সেবা করেন। আপনি তরুণ প্রজন্মকে যেভাবে অনুপ্রাণিত করছেন, সেই আলো আরও ছড়িয়ে পড়ুক।” অনীকের এই দরাজ শংসাপত্র এবং ‘অভিষেক দা’ সম্বোধন ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে কালীঘাট থেকে টলিপাড়ার স্টুডিও পাড়ায়।
কেন এই জল্পনা?
আগামীকাল, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পরেই বেজে যাবে ভোটের দামামা। তৃণমূল শিবিরে এখন প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত ব্যস্ততা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম এবং ‘নবীন’ মুখদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতীক উর রহমানের মতো তরুণ মুখকে দলে টেনে তিনি সেই বার্তাই দিয়েছেন। এই আবহে অনীকের মতো এক পরিচিত গায়কের সঙ্গে তাঁর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
টলিপাড়া ও রাজনীতির সমীকরণ aneek dhar political entry speculation
কিছুদিন আগেই পার্নো মিত্র ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। অভিনেতা অঙ্কুশ হাজরাকে নিয়েও জল্পনা অব্যাহত। অন্যদিকে, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে চর্চা থাকলেও, সূত্রের খবর, তিনি ব্যক্তিগত কারণে রাজনীতির ময়দান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, ইমনের জায়গায় অন্য কোনো জনপ্রিয় শিল্পী মুখকে কি খুঁজছে দল? অনীকের সক্রিয়তা সেই প্রশ্নই তুলে দিল।
সেলিব্রিটি কার্ড ও নির্বাচনী কৌশল
তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী, যেসব আসনে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল অথবা যেখানে স্থানীয় নেতার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন আছে, সেখানে ‘সেলিব্রিটি কোশেন্ট’ ব্যবহার করে বৈতরণী পার হওয়ার কৌশল দীর্ঘদিনের। জুন মালিয়ার মতো কেউ কেউ সফল হলেও, সায়ন্তিকা বা সায়নী ঘোষদের মতো হারের নজিরও আছে। তবে অনীকের মতো স্বচ্ছ ভাবমূর্তির তরুণ শিল্পীকে সামনে রেখে তৃণমূল কি নতুন কোনো চমক দিতে চাইছে?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনীকের এই পোস্ট কেবল একটি ছবি নয়, বরং সক্রিয় রাজনীতিতে তাঁর অভিষেকের আগাম ইঙ্গিত হতে পারে। এখন দেখার, তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকায় এই ‘সুদর্শন’ গায়কের নাম কোন আসনের পাশে জায়গা পায়।

