সীমান্তে বিএসএফ, কলকাতায় আইনশৃঙ্খলা! তিনদিনের ‘শাহি-সফরে’ নজর বাংলার

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে সীমান্ত নিরাপত্তা, নতুন ফৌজদারি আইন, আইনশৃঙ্খলা ও শিল্প প্রকল্প নিয়ে একাধিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

amit-shah-three-day-west-bengal-visit-border-security-law-order

কলকাতা: শুক্রবার থেকে তিন দিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্ত নিরাপত্তা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে ব্যস্ত কর্মসূচি রয়েছে তাঁর। এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

প্রথম দিন সীমান্তে BSF-এর সঙ্গে বৈঠক

শনিবার অমিত শাহ উত্তরবঙ্গের শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি (Border Outpost) পরিদর্শনে যাবেন। সেখানে তিনি BSF জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

Also Read | স্মার্ট ক্লাসরুম, আধুনিক রান্নাঘর: সরকারি স্কুলগুলিকে নতুন রূপ দিতে তৎপর সরকার

নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন পর্যালোচনা

শনিবার বিকেলে রাজ্যে তিনটি নতুন ফৌজদারি আইন (BNS, BNSS ও BSA) কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নিয়েও আলাদা একটি পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে।

রবিবার কলকাতায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক

রবিবার কলকাতায় এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন অমিত শাহ। এই বৈঠকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।

Also Read | অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছে! বিস্ফোরক অনুব্রত, সুর মেলালেন মদন

জাতীয় গ্রন্থাগারে নতুন মিউজিয়ামের উদ্বোধন

একই দিনে আলিপুরের জাতীয় গ্রন্থাগারে (National Library) তৈরি হওয়া ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’ (Museum of Words)-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।

আমুলের বড় প্রকল্পের শিলান্যাস

কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ আমুল ডেয়ারির নতুন দই প্রক্রিয়াকরণ (Curd Processing) প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুগ্ধ শিল্পে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই তিন দিনের সফরে সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক পর্যালোচনা এবং শিল্প বিনিয়োগ, তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফলে রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও এই সফরের দিকে নজর থাকছে গোটা পশ্চিমবঙ্গের।