“দিদি যাচ্ছে, পদ্ম আসছে!” ১৫২ আসনের মধ্যে ১১০-এই জয়ের দাবি অমিত শাহের

কলকাতা: বাংলায় প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯১.৮৮ শতাংশ ভোটদানের পরদিন কলকাতায় দাঁড়িয়ে বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে শাহ দাবি করেন, প্রথম দফায় ...

By Moumita Biswas

Published:

Follow Us
Amit Shah Claims BJP Win 110 Seats 1st phase

কলকাতা: বাংলায় প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯১.৮৮ শতাংশ ভোটদানের পরদিন কলকাতায় দাঁড়িয়ে বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে শাহ দাবি করেন, প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ী হতে চলেছে বিজেপি। তাঁর মতে, বিপুল এই ভোটদান আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জনরোসের বহিঃপ্রকাশ এবং বাংলায় বিজেপি-র শাসন শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত।

“অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ- সর্বত্রই পদ্ম”

দ্বিতীয় দফার ভোটের আগে আত্মবিশ্বাসী শাহ এদিন বলেন, “প্রথম দফার ফিডব্যাক অনুযায়ী মানুষ বিজেপি-কেই বেছে নিয়েছেন। ৫ মের পর অঙ্গ (বিহার/ঝাড়খন্ড), বঙ্গ ও কলিঙ্গ (ওড়িশা), গোটা পূর্ব ভারতেই পদ্ম ফুটবে।” তাঁর দাবি, প্রথম দফার এই ঝোড়ো ব্যাটিংয়ের পর দ্বিতীয় দফার ভোটেই বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে।

   

বহিরাগত তত্ত্ব ও মুখ্যমন্ত্রীর মুখ Amit Shah Claims BJP Win 110 Seats 1st phase

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ আক্রমণের পাল্টা জবাব দিয়ে শাহ বলেন, “মমতা দিদি ভয় দেখাচ্ছেন যে বিজেপি জিতলে বহিরাগতরা বাংলা চালাবে। আমি কথা দিচ্ছি, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলার কোনো ভূমিপুত্র, যিনি বাংলায় কথা বলেন এবং বাংলার মাটিতেই বড় হয়েছেন। তফাত শুধু একটাই হবে, মুখ্যমন্ত্রীর গদিতে দিদির ভাইপো বসবেন না, বসবেন একজন বিজেপি কর্মী।”

উন্নয়ন ও দুর্নীতির অবসান

বাংলার মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা অনুপ্রবেশমুক্ত হবে। সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং তুষ্টিকরণ বন্ধ করে যুবকদের কর্মসংস্থান এবং মহিলাদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যে ‘সন্ত্রাসের শাসনের’ অবসান ঘটিয়ে আইনের শাসন ফেরানোর অঙ্গীকার করেন তিনি।

স্বাধীনতা-উত্তর ভারতের ইতিহাসে বাংলায় এই রেকর্ড ৯১.৮৮ শতাংশ ভোটদান শেষ পর্যন্ত কার পালে হাওয়া দেয়, তা জানা যাবে আগামী ৪ মে। তবে অমিত শাহের এদিনের দাবি বাংলার রাজনৈতিক উত্তাপকে যে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google