বেঙ্গালুরুতে শুরু ‘স্পেশাল ২৫’! ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ গড়তে লক্ষ্মণের বিশেষ মিশন

BCCI উদ্যোগে VVS Laxman-এর তত্ত্বাবধানে অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারদের বিশেষ প্রশিক্ষণ, লক্ষ্য শক্তিশালী টেস্ট দল গড়া ও ভবিষ্যৎ তারকা তৈরি

By Kolkata24x7 Team

Published:

Follow Us
vvs-laxman-special-25-camp-india-test-team-future-bcci

বিট্টু দত্ত, কলকাতা: ভারতীয় টেস্ট ক্রিকেট এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর সিরিজ হার, তাও ০-৫ ব্যবধানে, সমর্থকদের হতাশ করেছে। তবে এই ব্যর্থতার পর ভবিষ্যৎ গড়ার কাজও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লক্ষ্য একটাই—আগামী দিনের জন্য শক্তিশালী লাল বলের দল তৈরি করা। সেই উদ্দেশ্যেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হয়েছে বিশেষ পরিকল্পনা, যার দায়িত্বে রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

আরও পড়ুন: স্যান্টনারের পরিবর্তে মুম্বই শিবিরে মহারাজ, চেন্নাই খুঁজছে তরুণ প্রতিভা

এই প্রকল্পের মূল উদ্দেশ্য, ২৫ বছরের নিচে এমন প্রতিভাবান ক্রিকেটারদের বেছে নেওয়া, যাঁরা ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলের ভরসা হতে পারেন। একে অনেকে মজার ছলে ‘স্পেশাল পঁচিশ’ বলছেন। কারণ বয়সসীমা ২৫, আর পরিকল্পনাটাও একেবারে বিশেষ। প্রথম ধাপে তৈরি করা হয়েছে ক্রিকেটারদের একটি বড় তালিকা। রঞ্জি ট্রফি এবং অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে যারা ভালো খেলেছে, তাদের মধ্য থেকে প্রায় ৫০ থেকে ৫৫ জনকে ডাকা হয়েছে বেঙ্গালুরুতে।

   

তবে এখানে একটা বিষয় স্পষ্ট—আইপিএলে নাম থাকলেই সুযোগ মিলবে না। টি-টোয়েন্টি নয়, নির্বাচনের প্রধান মাপকাঠি হচ্ছে ঘরোয়া লাল বলের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য। ফলে যারা দীর্ঘ ইনিংস খেলতে পারে, চাপ সামলাতে পারে এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারে, তারাই সুযোগ পাচ্ছে। আইপিএলে ব্যস্ত থাকা কয়েকজন তরুণ ক্রিকেটার পরে এই প্রকল্পে যোগ দেবেন।

আরও পড়ুন: ছুটির পর এবার গোয়া ম্যাচের প্রস্তুতিতে মগ্ন টিম মোহনবাগান

এই তালিকায় রয়েছেন কয়েকজন পরিচিত ও প্রতিশ্রুতিমান ক্রিকেটারও। যেমন বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, প্রশান্ত বীর, সমীর রিজভি প্রমুখ। সমীর তো সিকে নাইডু ট্রফিতে ত্রিশতরানও করেছেন, যা নির্বাচকদের নজর কাড়েছে। দ্বিতীয় ধাপে চলছে হাই পারফরম্যান্স ক্যাম্প। এখানেই ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করা হচ্ছে। এই শিবিরে কোচ হিসেবে রয়েছেন ওয়াসিম জাফর, হৃষিকেশ কানিতকর, সুনীল জোশী, লক্ষ্মীপতি বালাজি, বাংলার সৌরাশিস লাহিড়ী, কর্নাটকের বিনয় কুমারদের মতো অভিজ্ঞ নাম। ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শুধু নেট প্র্যাকটিস নয়, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলনে। ক্রিকেটারদের নানা কাল্পনিক ম্যাচ পরিস্থিতি দেওয়া হচ্ছে—ধরা যাক, শেষ বিকেলে কঠিন পিচে ব্যাট করতে নামতে হবে, বা দ্রুত উইকেট তুলতে হবে—এই ধরনের বাস্তব চ্যালেঞ্জে কীভাবে খেলতে হয়, তা শেখানো হচ্ছে। সপ্তাহে দু’টি করে ৯০ ওভারের ম্যাচও হচ্ছে। প্রতিদিন অন্তত পাঁচ ঘণ্টা মাঠে রাখা হচ্ছে ক্রিকেটারদের, যাতে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখার অভ্যাস তৈরি হয়। কারণ টেস্ট ক্রিকেটে দিনের বেশিরভাগ সময় মাঠেই কাটাতে হয়।

এই ক্যাম্প চলবে মে মাসের শুরু পর্যন্ত। এরপর ক্রিকেটাররা কিছুদিন বিরতি নিয়ে আবার জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে ফিরবেন বেঙ্গালুরুতে। তৃতীয় ধাপে আয়োজন করা হবে চার দলীয় একটি প্রতিযোগিতা। সেখানে এই ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে আইপিএল শেষে যোগ দেওয়া তরুণরাও খেলবেন। মোট প্রায় ৬০ জন ক্রিকেটারকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত থাকবেন সিনিয়র ও জুনিয়র জাতীয় নির্বাচকেরা।

অর্থাৎ, এই প্রকল্পে অংশ নেওয়া ক্রিকেটাররা জানেন—এটা শুধুই ট্রেনিং ক্যাম্প নয়। এখানে প্রতিটি ইনিংস, প্রতিটি স্পেল, প্রতিটি ক্যাচ নজরে রাখা হচ্ছে। ভালো পারফরম্যান্স করলে সরাসরি ভারতীয় টেস্ট দলের দরজা খুলে যেতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝেছে, ভবিষ্যৎ তৈরি করতে হলে এখন থেকেই সঠিক বিনিয়োগ করতে হবে। আর সেই কারণেই শুরু হয়েছে এই নতুন উদ্যোগ, যার লক্ষ্য আগামী দিনের শক্তিশালী ভারতীয় টেস্ট দল গড়ে তোলা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google