ওয়ারেন্ট ছাড়া অফিসে তল্লাশিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

কোনও ওয়ারেন্ট ছাড়া কী করে নন্দীগ্রামে তাঁর বিধায়ক অফিসে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। সেই প্রশ্ন নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কোনও ওয়ারেন্ট ছাড়া কী করে নন্দীগ্রামে তাঁর বিধায়ক অফিসে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। সেই প্রশ্ন নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি চান বিরোধী দলনেতা। মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে।

   


রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের অফিসে পুলিশের অভিযান। তমলুক মহুকুমা পুলিশ আধিকারিকদের সঙ্গে ছিল নন্দীগ্রাম থানার পুলিশ। একটি ভিডিও ট্যুইটে প্রকাশ করে রাজ্যপালের কাছে অভিযোগ জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই অভিযোগের পরেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাান রাজ্যপাল জগদীপ ধনখড়।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই অভিযোগ ওঠে বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী মহুয়া পাল ভুয়ো ডিগ্রি দেখিয়ে একটি ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। মহুয়া পালের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই বিষয়ে তদন্তের জন্যই মহুয়া পালের খোঁজে তমলুকের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। রবিবার নন্দীগ্রামে মাহুয়া পালের বাড়িতে যায় পুলিশ। মহুয়া পালকে তাঁর বাড়িতে না পেয়ে নন্দীগ্রামে বিধায়কের কার্যালয়ে হানা দেয় পুলিশ।

এই পুলিশের অভিযানে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই এবং ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে, আচমকা মমতার পুলিশ আমার নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করেছে।

শুভেন্দুর আরও অভিযোগ, মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ।

শুভেন্দু অধিকারী রবিবারই দাবী করেন, ওটা শুধুমাত্র বিধায়ক কার্যালয় নয়, ওখানে আমি থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা করেছে। কিন্তু কোনও লাভ হবে না। মানুষ পাশে আছে। আজ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের নাম দিয়েছি মমতার পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google