ওয়াশিংটন: চলতি সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতি আলোচনায় বড় কোনো অগ্রগতির খবর মেলেনি। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সোমবার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবে ট্রাম্প সন্তুষ্ট নন। তবে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কিছুটা আশার আলো দেখে জানিয়েছেন, তেহরানের প্রস্তাব প্রত্যাশার চেয়ে কিছুটা ইতিবাচক।
কী আছে ইরানের প্রস্তাবে?
ইরানের নতুন প্রস্তাব অনুযায়ী, তারা আপাতত হরমুজ প্রণালী পুনরায় খুলে দিয়ে যুদ্ধের অবসান চায়। তবে বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর বিষয় ‘পরমাণু কর্মসূচি’ নিয়ে আলোচনা তারা পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখতে আগ্রহী।
রুবিওর তোপ ও রাশিয়ার সাহায্য প্রার্থনা
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই-র ধর্মীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রুবিওর প্রশ্ন, “সর্বোচ্চ নেতা হিসেবে কাজ করার মতো যোগ্যতা কি তাঁর আছে? নাকি আড়ালে অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে?” অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। আলোচনার ব্যর্থতার জন্য আমেরিকার ‘অতিরিক্ত দাবি’কেই দায়ী করেছেন তিনি।
হরমুজ প্রণালী নিয়ে নয়া আইন
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, নতুন আইন অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার পূর্ণ কর্তৃত্ব থাকবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। ‘শত্রু দেশ’-এর জাহাজ যাতায়াত নিষিদ্ধ করার পাশাপাশি এই প্রণালী থেকে হওয়া আর্থিক লেনদেন স্থানীয় মুদ্রা ‘রিয়াল’-এ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
লেবাননে অশান্তি ও ইজরায়েলের অবস্থান
আলোচনা চললেও লেবাননে ইরানের হামলা থামেনি। হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের সাময়িক যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও নতুন হামলায় ৪ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইজরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবকে ‘পাপ’ বলে প্রত্যাখ্যান করেছেন। পাল্টায় ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কাশেম আগুন নিয়ে খেলছেন।” ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা রুখতে ইজরায়েল প্রয়োজনে সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে।
সব মিলিয়ে, ইসলামাবাদে আলোচনার টেবিল থেকে লেবাননের রণক্ষেত্র, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে।




















