“বদমাইশি করলে ইলাজ হবে!” যোগী রাজ্যের ‘দাবাং’ IPS-এর হুঁশিয়ারিতে তোলপাড় ফলতা

ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ভোটের উত্তাপ এবার চরমে। সৌজন্যে, উত্তরপ্রদেশ থেকে আসা নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা। ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এই আইপিএস অফিসারের কড়া ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Ajay Pal Sharma Falta warning

ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ভোটের উত্তাপ এবার চরমে। সৌজন্যে, উত্তরপ্রদেশ থেকে আসা নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা। ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এই আইপিএস অফিসারের কড়া মেজাজ এবং ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে দেওয়া তাঁর খোলাখুলি হুঁশিয়ারি এখন রাজ্য রাজনীতির হট টপিক।

কী ঘটেছিল ফলতায়?

ভোটারদের ভয় দেখানোর ভুরিভুরি অভিযোগ পেয়ে সোমবার সটান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে চড়াও হন অজয় পাল। প্রার্থীকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের সামনেই মেজাজ হারান দুঁদে এই পুলিশ কর্তা। সোজাসাপ্টা হিন্দিতে তাঁর কড়া বার্তা, “জাহাঙ্গীরকে ভালো করে বুঝিয়ে দেবেন, যদি বদমাইশি হয় তবে কায়দামতো ইলাজ হবে। তখন আর কান্নাকাটি করে লাভ হবে না।” বন্দুকধারী কেন্দ্রীয় বাহিনীকে পাশে নিয়ে আইপিএস অফিসারের এই ‘অ্যাকশন’ মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

   

নিরাপত্তা নিয়ে টানাপড়েন Ajay Pal Sharma Falta warning

শুধুমাত্র হুঁশিয়ারি দিয়েই থামেননি অজয় পাল। জাহাঙ্গীরের বাড়িতে মোতায়েন থাকা রাজ্য পুলিশের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিয়মমাফিক ১০ জন পুলিশ থাকার কথা থাকলেও কেন সেখানে ১৪ জন ছিলেন, তা নিয়ে স্থানীয় এসপি-র কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। এই বাড়তি চারজন পুলিশের উপস্থিতি নিয়ে আইনি নোটিশও ধরানো হয়েছে।

দিল্লি-লখনউ-কলকাতা: ত্রিমুখী লড়াই

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তর্জা৷ আইটি সেল প্রধান অমিত মালব্য অজয় পালকে ‘সিংহম’ তকমা দিয়ে জানিয়েছেন, অপরাধীদের দমানোর এটাই সঠিক রাস্তা। শাসকদল বিষয়টিকে ‘বিজেপির রাজনৈতিক কৌশল’ হিসেবে দেখছে। মহুয়া মৈত্র থেকে ঋজু দত্ত, সকলেরই এক সুর, “বাংলা উত্তরপ্রদেশ নয়।” অজয় পালের পুরনো বিতর্কিত রেকর্ড টেনে তাঁকে ‘প্যারাশুটেড এজেন্ট’ বলে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।

আসরে নেমেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও। তাঁর দাবি, বিজেপি নিজের আজ্ঞাবহ অফিসারদের বাংলায় পাঠিয়েছে, যাদের সময়ের ব্যবধানে কঠোর বিচার হবে।

ভোটের ঠিক আগে একজন পুলিশ অবজার্ভারের এই সক্রিয়তা কি অবাধ ভোট নিশ্চিত করবে, নাকি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠবে আরও বড় প্রশ্ন? উত্তর দেবে বুধবারের ব্যালট বক্স।

আরও পড়ুন: নোয়াপাড়ায় ভোটভিক্ষায় মঞ্জু বসুর নামে ভুয়ো লিফলেট তৃণমূলের!

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google