কলকাতা: রাজ্যের প্রশাসনিক কাজের সর্বস্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করা হলো। এখন থেকে রাজ্যের সমস্ত দাপ্তরিক চিঠিপত্র এবং প্রশাসনিক আদান-প্রদান বাংলা ভাষাতেই সম্পন্ন হবে।
কেন এই সিদ্ধান্ত?
মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি তাঁকে একটি চিঠি দিয়ে বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছিলেন। সেই চিঠিতে বাংলা ভাষাকে রাজ্যের সর্বস্তরে গুরুত্ব দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাবও ছিল। সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি প্রয়োজনে হিন্দির ব্যবহারও করা হবে।
অমিত শাহের সেই আবেগময় চিঠি
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এক বার্তায় জানিয়েছিলেন, “বাংলা আবার সোনার বাংলা হয়ে ওঠার দিকে এগোচ্ছে। আবেগঘন হয়ে শুভেন্দুকে একটি চিঠি লিখেছি আমি। আমার মনের কথা সেখানে লেখা রয়েছে। আশা করছি মুখ্যমন্ত্রী আমার প্রস্তাব রাখবেন।” সেই প্রস্তাব অনুযায়ীই এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলার গৌরব ও ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে এই পদক্ষেপ নিতে চলেছে তাঁর সরকার।
প্রশাসনিক মহলের মতে, সরকারি কাজে বাংলা ভাষার এই ব্যাপক প্রচলন রাজ্যের মানুষের সঙ্গে প্রশাসনিক যোগাযোগের দূরত্ব কমাবে এবং বাংলা ভাষার মর্যাদা আরও বৃদ্ধি করবে। ১ সেপ্টেম্বরের এই ঘোষণার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিকরা।
‘২৮ বছর বয়সীদের জয়গান, ৫৬ বছরের ‘যুবক’-এর নয়!’ রাহুলকে খোঁচা মোদীর
কংগ্রেসের মঞ্চে মমতার ছবি! একুশে জুলাই ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে





