তৃণমূলকে ‘মীরজাফর কোম্পানি’ বলে কটাক্ষ বিজেপি নেতার

Operation Sindoor controversy: পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে ফের তপ্ত রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি আলিপুরদুয়ারে এক সভায় মন্ত্রী গুহ বলেন, “একজন চা বিক্রেতা এখন সিঁদুর বিক্রি করছেন। ...

By Rana Das

Published:

Follow Us
Operation Sindoor ,Shahzad Poonawalla ,TMC ,Udayan Guha

Operation Sindoor controversy: পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে ফের তপ্ত রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি আলিপুরদুয়ারে এক সভায় মন্ত্রী গুহ বলেন, “একজন চা বিক্রেতা এখন সিঁদুর বিক্রি করছেন। ধর্মীয় বিভাজন করছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে আলিপুরদুয়ারে আসছেন।” তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা।

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুনাওয়ালা বলেন, “আজ তৃণমূল কংগ্রেসের নতুন নাম হওয়া উচিত ‘দ্য মীর জাফর কোম্পানি’। উদয়ন গুহ যেভাবে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্যঙ্গ করেছেন, তা শুধু ভারতীয় সেনার অসম্মান নয়, বরং দেশের সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা।”

   

তিনি আরও বলেন, “যারা একসময় চা বিক্রি করতেন, তারা আজ দেশের জন্য প্রাণপাত করছেন, সিঁদুর বিক্রির কটাক্ষ করে শুধু গরিব শ্রেণির মানুষদের অপমান করা হচ্ছে না, বরং অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী সেনানিদের অবমূল্যায়ন করা হচ্ছে। এটা ক্ষমার অযোগ্য।”

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, যার মাধ্যমে ভারতীয় সেনা এক পারমাণবিক দেশভুক্ত অঞ্চলে ঢুকে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি ও ১১টি সামরিক কেন্দ্র ধ্বংস করে। এই অভিযান নিয়ে যখন গোটা দেশ সেনাদের সাহসিকতা ও পরাক্রমের প্রশংসা করছে, তখন তৃণমূলের একজন মন্ত্রীর কটাক্ষ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

শাহজাদ পুনাওয়ালা বলেন, “এই প্রথম নয়, এর আগেও তৃণমূল কংগ্রেস একাধিকবার ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী, বিএসএফ ও সিআরপিএফ-কে অপমান করেছে। তারা যেন সেনার মনোবল ভাঙতে চায়। কিন্তু দেশ জানে, সেনাদের অবদানকে শ্রদ্ধা জানানো উচিত, উপহাস নয়।”
তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উদয়ন গুহর মন্তব্য দল অনুমোদন করে না৷ আমরা দেশের পাশে আছি। কারও ব্যক্তিগত মন্তব্য যা পার্টি লাইনের বাইরে তাকে মেনে নেওয়া হচ্ছে না। অপারেশন সিঁদূর নিয়ে দেশ এককাট্টা আছে।”

উত্তরবঙ্গে বিজেপির এক নেতা বলেন, “আলিপুরদুয়ারে যখন প্রধানমন্ত্রী আসছেন, তখন ধর্মীয় মেরুকরণের অভিযোগ এনে তাঁর উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটা দুঃখজনক।”

সাধারণ মানুষের মধ্যেও এই ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ উদয়ন গুহর বক্তব্যকে সমর্থন করে বলছেন, দেশজুড়ে ধর্মীয় মেরুকরণ হচ্ছে, আবার অনেকে মনে করছেন, সেনার প্রতি সম্মান দেখানো সকল রাজনৈতিক দলের কর্তব্য।

তবে এক বিষয় স্পষ্ট, তৃণমূল মন্ত্রীর মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে এবং বিজেপি এই সুযোগে নিজের অবস্থান মজবুত করার লক্ষ্যে একপ্রকার কৌশলগত আক্রমণ শুরু করেছে। এই বিতর্ক আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google