মূল বেতন একধাক্কায় ৪০০% বৃদ্ধি! অষ্টম বেতন কমিশন নিয়ে সব খুঁটিনাটি এক নজরে

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন গঠনের পর থেকেই সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধির প্রধান চাবিকাঠি তথা ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor) ঠিক কত হবে, তা নিয়ে নানাবিধ দাবি উঠছিল। তবে ...

By Moumita Biswas

Published:

Follow Us
8th Pay Commission Fitment Factor

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন গঠনের পর থেকেই সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধির প্রধান চাবিকাঠি তথা ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor) ঠিক কত হবে, তা নিয়ে নানাবিধ দাবি উঠছিল। তবে এবার সমস্ত হিসেবনিকেশ ওলটপালট করে দিয়ে এক নজিরবিহীন প্রস্তাব জমা দিল ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA)। পূর্বতন পে-কমিশনগুলির মতো সবার জন্য একটি অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি না করে, তারা সরকারি পদের স্তর (Pay Level) অনুযায়ী ৫টি আলাদা আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। (8th Pay Commission Fitment Factor)

রেল সংগঠনের দেওয়া নতুন ফর্মুলা:

   

লেভেল ১ থেকে ৫: ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২

লেভেল ৬ থেকে ৮: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৫০

লেভেল ৯ থেকে ১২: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮০

লেভেল ১৩ থেকে ১৬: ফিটমেন্ট ফ্যাক্টর ৪.০৯

লেভেল ১৭ থেকে ১৮ (শীর্ষ স্তর): ফিটমেন্ট ফ্যাক্টর ৪.৩৮

কার্যকর হলে কার বেতন কত বাড়বে?

এই বৈপ্লবিক প্রস্তাব যদি কেন্দ্র মেনে নেয়, তবে সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোয় এক অবিশ্বাস্য লাফ দেখা যাবে। লেভেল ১৭ বা ১৮-এর একজন শীর্ষ আধিকারিক, যাঁর বর্তমান মূল বেতন (Basic Pay) ২.৫ লক্ষ টাকা, ৪.৩৮ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তাঁর সংশোধিত মূল বেতন দাঁড়াবে প্রায় ১০.৯৫ লক্ষ টাকা! অর্থাৎ একলাফে ৪০০ শতাংশেরও বেশি বৃদ্ধি।

একইভাবে, মধ্যবর্তী স্তরের (লেভেল ৬-৮) একজন কর্মী যাঁর বর্তমান মূল বেতন ৪৫,০০০ টাকা, ৩.৫০ গুণ বৃদ্ধির জেরে তাঁর সংশোধিত মূল বেতন হবে ১.৫৭ লক্ষ টাকা।

রেল সংগঠনের যুক্তি, বর্তমান কাঠামোয় জুনিয়র ও সিনিয়র কর্মীদের বেতনের ফারাক এতটাই কমে গিয়েছে যা অত্যন্ত বৈষম্যমূলক। বিশেষ করে রেলের সুরক্ষাজনিত প্রযুক্তিগত বিভাগে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য অবিলম্বে পৃথক বেতন কাঠামো, বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ (DA) মার্জ করার দাবিও তুলেছে তারা।

সরকারের রাজকোষ কি এই ধকল সইতে পারবে?

সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। এবার অন্যান্য জাতীয় স্তরের সংগঠনগুলিও নূন্যতম মূল বেতন ৬৯,০০০ থেকে ৭২,০০০ টাকা করার দাবি জানিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষে এই আকাশছোঁয়া দাবি মানা কি আদৌ সম্ভব? ইউনিয়নগুলির প্রতিনিধিরাও আড়ালে স্বীকার করছেন যে, সরকার কর্মীদের কল্যাণ দেখার পাশাপাশি রাজকোষের চাপ, পেনশন দায়বদ্ধতা এবং মূল্যস্ফীতির ঝুঁকি বিচার করেই পথ চলবে। তাছাড়া কেন্দ্র বেতন বাড়ালে রাজ্য সরকারগুলির ওপরও সমহারে বেতন বাড়ানোর চাপ তৈরি হয়, যা সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা, শেষ পর্যন্ত মাঝপন্থা অবলম্বন করতে পারে কমিশন।

পরিবারের সংজ্ঞা বদল ও ওল্ড পেনশন স্কিম (OPS) বিতর্ক

এবার কর্মীদের তরফ থেকে আরেকটি বড় দাবি উঠেছে, তা হল বেতন নির্ধারণের ক্ষেত্রে ‘ফ্যামিলি ইউনিট’ বা পারিবারিক সদস্যের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করা। কর্মীদের দাবি, বর্তমান যুগে স্ত্রী-সন্তান ছাড়াও বয়োবৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা, আবাসন ও শিক্ষার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। পাশাপাশি, পুরনো পেনশন প্রকল্প (OPS) ফিরিয়ে আনার দাবি বহাল থাকলেও, বর্তমান জটিলতার কথা মাথায় রেখে অনেক সংগঠন এখন ‘ওপিএস-এর মতো সুরক্ষা’ (নিশ্চিত ন্যূনতম পেনশন ও ডিএ-র সুবিধা) নিশ্চিত করার দিকে জোর দিচ্ছে।

পরবর্তী গন্তব্য ভুবনেশ্বর, নজর রাখছে ১ কোটি পরিবার

২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত হওয়া এই অষ্টম বেতন কমিশন বর্তমানে দেশজুড়ে ম্যারাথন বৈঠক করছে। দিল্লি, লখনউ, হায়দরাবাদ ও জম্মু-কাশ্মীরে আলোচনার পর আগামী ৬ ও ৭ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে বসতে চলেছে কমিশনের মেগা বৈঠক। সেখানে পেনশনার্স গ্রুপ ও কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে সরাসরি কথা বলবেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। রাজকোষের ভারসাম্য আর কর্মীদের প্রত্যাশা, এই দুইয়ের মেলবন্ধনে শেষ পর্যন্ত কী সুপারিশ আসে, সেদিকেই তাকিয়ে দেশের কোটি পরিবার।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google