পূর্ব মেদিনীপুরের তমলুকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর মনোনয়ন (Tamluk nomination)পর্ব শুরু হতেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আজ জেলাশাসকের দফতরের সামনে মনোনয়ন জমা দিতে এসেছিলেন পাশকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি এবং ভগবানপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানব পড়ুয়া। দু’পক্ষের সমর্থকরা বড় সংখ্যায় জড়ো হওয়ায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে।
স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু হয়ে তা বচসায় পরিণত হয়। একে অপরের দিকে তেড়ে আসার ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সকাল থেকেই জেলাশাসক দফতরের সামনে দু’দলের কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে।
আরও দেখুনঃ IP L2026: পন্থের আগুন নাকি কুলদীপের ম্যাজিক, একানায় শেষ হাসি কার?
বিজেপি কর্মীরা সিন্টু সেনাপতিকে ঘিরে ‘জয় শ্রীরাম’, ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। অন্যদিকে তৃণমূল সমর্থকরা মানব পড়ুয়াকে সামনে রেখে ‘মমতা জিন্দাবাদ’, ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ বলে পাল্টা স্লোগান তুলতে থাকেন। এই ঘটনায় তমলুকের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বিশেষ করে তমলুক, কাঁথি অঞ্চলে শাসক ও বিরোধী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই তীব্র। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ছোট-বড় ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা অবশ্য এমন ঘটনায় ক্লান্ত। একজন সাধারণ মানুষ বলেন, “মনোনয়ন জমা দেওয়ার সময়ও যদি এত গোলমাল হয়, তাহলে ভোটের দিন কী হবে? আমরা শান্তিতে ভোট দিতে চাই।”পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনও গ্রেফতারের খবর এখনও পাওয়া যায়নি, তবে দু’পক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে। জেলাশাসক দফতরের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী দিনগুলোতে আরও প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসবেন। তাই নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে প্রশাসন জানিয়েছে।




















