কল্পনা করুন এমন এক বিশ্বকাপ (FIFA World Cup), যেখানে বিশ্বজয়ী স্পেন নেই। নেই এমবাপেদের ফ্রান্স, বেলিংহ্যামের ইংল্যান্ড কিংবা জার্মান মেশিনের মতো ইউরোপীয় মহাশক্তিরা! নিছক দুঃস্বপ্ন মনে হলেও, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এক সর্বনাশা কর্পোরেট চুক্তির জেরে বিশ্ব ফুটবল আজ ঠিক এমনই এক নজিরবিহীন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বিশ্বকাপের মতো আবেগের মঞ্চকে নিলামে তোলার এই হঠকারী ছকের বিরুদ্ধে এবার সরাসরি মহাবিদ্রোহ ঘোষণা করল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা (UEFA)।
বিশ্বকাপের মালিকানার একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা ফিফা করছে, তার প্রতিবাদে ইতিমধ্যেই ৫৫টি সদস্য দেশের ফুটবল সংস্থার সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে উয়েফা। স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফিফা এই স্বত্ব বিক্রির পথে হাঁটলে, ইউরোপ পরের বিশ্বকাপ বয়কট করবে। এর ফলে এক চরম পরিকাঠামোগত জটিলতা তৈরি হয়েছে। কারণ, পরের বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তিন আয়োজকের মধ্যে দু’টি দেশই উয়েফার অন্তর্ভুক্ত। তারা যদি বিশ্বকাপ বয়কট করে, তবে খোদ আয়োজক দেশেই প্রতিযোগিতা হবে কী ভাবে?
Also Read | খালি পায়ে ইতিহাস, ১১৫ বছর পরেও অমর মোহনবাগান দিবসের গৌরব
জানা গিয়েছে, ইনফান্তিনোরা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ নামে একটি নতুন সংস্থা তৈরি করে তার অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে চাইছেন। লগ্নি আনার ক্ষেত্রে ফিফাকে পরামর্শ দিচ্ছে ‘জেপি মর্গ্যান’। আর এই নতুন সংস্থার শীর্ষপদে বসতে পারেন জোশুয়া কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই। এই ব্লু-প্রিন্ট বাস্তবায়িত হলে আগামী চার বছরে ফিফার লাভের অঙ্ক দাঁড়াতে পারে ৯৫,৬৮৫ কোটি টাকা। প্রতিটি সদস্য দেশ প্রায় ১৯০ কোটি টাকা অনুদান পাবে।
Also Read | ২০০০ কোটি ডলারের হাতছানি! বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনায় বিতর্কে FIFA
কিন্তু টাকার এই বিপুল প্রলোভন ইউরোপীয় ফুটবলের আবেগকে কিনতে পারছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম কড়া ভাষায় জানিয়েছেন, “ফুটবল বিনিয়োগকারীদের সম্পত্তি নয়।” উয়েফার বিবৃতি আরও তীক্ষ্ণ, “ফুটবলের আত্মা বিক্রি করা যায় না। ফুটবল ফিফার সম্পত্তি নয়।” টাকার পাহাড় বনাম শতাব্দীপ্রাচীন আবেগের এই মহাযুদ্ধে এখন আড়াআড়ি বিভক্ত গোটা ফুটবল দুনিয়া!





