‘ব্যর্থতা মানা যায়, প্রতারণা নয়’, NEET বিতর্কে সরব সচিন তেন্ডুলকর

বাবার আদর্শ স্মরণ করে সততা, পরিশ্রম ও মেধার মূল্য নিয়ে বার্তা দিলেন সচিন তেন্ডুলকর। NEET বিতর্কের আবহে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

sachin-tendulkar-speaks-on-neet-row-failure-is-acceptable-not-cheating

বাবান আদক, কলকাতা: NEET পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে যখন গোটা দেশ উত্তাল, ঠিক তখনই দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে জোরালো সওয়াল করলেন সচিন তেন্ডুলকর।

নিজের বাবা, প্রয়াত রমেশ তেন্ডুলকারের আদর্শের কথা স্মরণ করে সচিন লিখেছেন, “আমার বাবা ছিলেন একজন অধ্যাপক। অসংখ্য ছাত্র-ছাত্রীর মেন্টর ও গাইড হিসেবে তিনি শুরুতেই তাদের মনে একটি শিক্ষার বীজ বপন করতেন ‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। জীবনে কখনও শর্টকাট নেওয়া উচিত নয়’।”

Advertisements

ক্রীড়া পরিসংখ্যানবিদ বা ময়দানের বিশ্লেষকরা খুব ভালো করেই জানেন, সচিনের গোটা কেরিয়ারই এই কঠোর পরিশ্রম এবং শর্টকাট না নেওয়ার এক জীবন্ত দলিল। সেই জায়গা থেকেই বর্তমান ব্যবস্থার অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, যে সমাজ কঠোর পরিশ্রমের চেয়ে শুধুমাত্র চূড়ান্ত ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, সেখানে তরুণ প্রজন্ম মেধার বদলে শর্টকাটের দিকেই ঝুঁকবে। পরিশ্রমের সঠিক মূল্যায়ন না হলে পড়ুয়াদের হতাশ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক।

Also Read | দলবদলের বাজারে বড় চমক! ইস্টবেঙ্গল ছেড়ে পুরনো ডেরা ওড়িশাতে নন্দকুমার

তরুণ ভারতই যে দেশের আগামী দিনের চালিকাশক্তি, সে কথা মনে করিয়ে দিয়ে সচিন আরও যোগ করেন, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে গোটা সমাজের দায়িত্ব তরুণদের উৎসাহিত করা। এমন এক সুস্থ সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন, যেখানে সততা এবং মেধা তার যোগ্য সম্মান পায়। কিংবদন্তি এই ক্রিকেটারের বিশ্বাস, ঐক্যবদ্ধ প্রয়াসেই সন্তানদের ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষাকে সুরক্ষিত করার সঠিক সমাধান খুঁজে বের করা সম্ভব।

Also Read | হাসপাতালে পরিণত টিম ইন্ডিয়া! বড় তদন্তে নামছে BCCI

রাজধানী দিল্লি এই মুহূর্তে প্রতিবাদের আঁতুড়ঘর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে পথে নেমেছেন হাজার হাজার পড়ুয়া। দেশজুড়ে বিক্ষোভে শামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। সংসদ অভিযানরত পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রতিবাদের আগুন আরও তীব্র হয়েছে। সমাজের নানা স্তরের মানুষের পাশাপাশি এবার ক্রীড়াবিদরাও সরব হচ্ছেন। আর সেই প্রতিবাদী কণ্ঠস্বরেই এবার নতুন মাত্রা যোগ করল মাস্টার ব্লাস্টারের একটি দীর্ঘ ও আবেগঘন ফেসবুক পোস্ট।