NEET নম্বর বিভ্রাটে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা, NTA-কে জবাব দিতে নির্দেশ

NEET-এ ৩৭০ নম্বরেরও বেশি বিভ্রাটের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরীক্ষার্থী। ২৮ জুলাইয়ের মধ্যে NTA-কে জবাব দিতে নির্দেশ আদালতের।

first-neet-2026-marks-discrepancy-case-in-calcutta-high-court-nta-response

কলকাতা: NEET (UG) ২০২৬-এর নম্বর বিভ্রাটের অভিযোগে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা দায়ের হয়েছে। হুগলির আরামবাগের বাসিন্দা সৃজা মহান্তি নামে এক পরীক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে ২৮ জুলাইয়ের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ, সৃজার উত্তরপত্রের মূল্যায়নে গুরুতর ভুল হয়েছে। তাঁর দাবি, চূড়ান্ত উত্তরসূচি (Final Answer Key) এবং নিজের OMR শিট মিলিয়ে তিনি প্রায় ৬৫৯ থেকে ৬৬১ নম্বর পাওয়ার কথা। কিন্তু প্রকাশিত ফলাফলে তাঁকে দেওয়া হয়েছে মাত্র ২৮৯ নম্বর। অর্থাৎ, ৩৭০ নম্বরেরও বেশি ব্যবধান রয়েছে।

Advertisements

জানা গিয়েছে, ৩ মে অনুষ্ঠিত প্রথম NEET (UG) ২০২৬ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর সৃজা ২১ জুন পুনরায় অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়, এবং তাঁকে টেস্ট বুকলেট নম্বর ৮০ দেওয়া হয়েছিল।

Also Read |  আরশোলাদের সমর্থনের কথা বলে বিতর্ক উস্কালেন মমতা

সৃজার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে জানান, প্রশ্নপত্র ফাঁসের কারণে একবার পরীক্ষা বাতিল হওয়ায় তাঁর মক্কেল আগেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর পুনরায় পরীক্ষা দেওয়ার পরও যদি মূল্যায়নের ত্রুটির কারণে নম্বর কমে যায়, তবে সেটি সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের গাফিলতির ফল।

আবেদনে দাবি করা হয়েছে, ফল প্রকাশের পর সৃজা একাধিকবার NTA-র কাছে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সংশোধনের আবেদন করলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন।

বিষয়টির জরুরি গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অমৃতা সিনহা NTA-কে ২৮ জুলাইয়ের মধ্যে জানাতে বলেছেন, সৃজা মহান্তির দাবি সঠিক কি না এবং তাঁর উত্তরপত্রের মূল্যায়নে কোনও ত্রুটি হয়েছে কি না।

Also Read | সরকারি অনুমোদন ছাড়াই কলকাতায় কিছু রুটে বাড়ছে বেসরকারি বাসভাড়া

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের SATHEE পোর্টালের তথ্য অনুযায়ী, NEET (UG) পরীক্ষায় মোট ১৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকে, যার পূর্ণমান ৭২০। পদার্থবিদ্যা ও রসায়নে ৪৫টি করে এবং জীববিজ্ঞানে ৯০টি প্রশ্ন থাকে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়।

এখন NTA আদালতে কী ব্যাখ্যা দেয়, তার উপরই নির্ভর করবে সৃজা মহান্তির নম্বর সংক্রান্ত অভিযোগের ভবিষ্যৎ। মামলাটি বর্তমানে বিচারাধীন।