আইপিএল ২০২৬ নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় ব্যাক-আপ পেসার হিসেবে প্রফুল হিঙ্গে-কে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের বোলিং বিভাগে ধারাবাহিকতার অভাব সুযোগ দেওয়া হয় তাঁকে। আর সুযোগ পেতেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন বিদর্ভের এই খেলোয়াড়। রাজস্থানের বিপক্ষে জয়ের কারিগর এই প্রফুল।
আইপিএল ২০২৬-এর টেবিল টপার রাজস্থান রয়্যালস। টানা চার ম্যাচে জয়ী রিয়ান পরাগের দল। তাদের হারানো মুখের কথা নয়। সেই রাজস্থানের টপ অর্ডার ব্যাটারদের এক এক করে খুব সহজেই সাজ ঘরে ফেরত পাঠান প্রফুল হিঙ্গে। তাও আবার অভিষেক ম্যাচেই।
এদিন রাজস্থান ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই বল করার সুযোগ পান প্রফুল। নিরাশ করলেন না কাউকে। পরপর তুলে নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ওভারের দ্বিতীয় বলেই মারকুটে ব্যাটার বৈভব সূর্যবংশীকে সাজঘরে ফেরান। চতুর্থ বলে বোল্ড হন ধ্রুব জুরেল। এখানেই শেষ নয়, এই ওভারের শেষ বলে আউট করেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে।
এরপর দ্বিতীয় ওভারেও চলতে থাকে একই দাপট। এই ওভারের শেষ বলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের উইকেটটি শিকার করেন ২৪ বছরের এই পেসার। প্রফুল গুরুত্বপূর্ণ টপ অর্ডারকে ভেঙে দিলে ম্যাচ চলে যায় সানরাইজার্সদের হাতে। এরপর আর বেশি কষ্ট করতে হয়নি এশান মালিঙ্গাদের।
কে এই প্রফুল হিঙ্গ?
ডানহাতি এই পেসারের জন্ম নাগপুরের বিদর্ভে।টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা তাঁর কম। মূলত লাল বলের ক্রিকেটে পারদর্শী এই বোলার এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ২৬.৭। লিস্ট এ ক্রিকেটে মোট ছয়টি ম্যাচে ৫টি উইকেট শিকার করেন। সীমিত ওভারের ক্রিকেটে সেরকম অভিজ্ঞতা না থাকলেও আইপিএলে নিজেকে মেলে ধরছেন এই তরুণ।




















