বাইশ গজে ফের গড়াপেটার (Match Fixing ) কালো ছায়া! বুকি, জুয়াড়ি আর ক্রিকেট, এই ত্রিকোণ প্রেমের বিষাক্ত ইতিহাস ভারতীয় ক্রিকেটে নতুন নয়। তবে এবার কোনও স্টিং অপারেশন বা পুলিশের চার্জশিট নয়, সরাসরি এক রিয়্যালিটি শোর মঞ্চে দাঁড়িয়ে ম্যাচ গড়াপেটার চাঞ্চল্যকর স্বীকারোক্তি করে বসলেন ভারতীয় বংশোদ্ভূত ইনফ্লুয়েনসার পামেলা সেরেনা (Pamela Serena)।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ-সচ ইয়া সজ়া’-তে অংশ নিয়েছেন পামেলা। সেখানেই প্রতিযোগিতার অঙ্গ হিসেবে নিজের অন্ধকার অতীতের একটি গোপন কথা ফাঁস করতে গিয়ে ক্রিকেটে এই ম্যাচ গড়াপেটার প্রসঙ্গ টেনে আনেন তিনি। কোনও ক্রিকেটারের নাম প্রকাশ্যে না আনলেও পামেলা জানিয়েছেন, লন্ডনে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ক্রিকেটারদের সরাসরি এবং নিবিড় যোগাযোগ ছিল। ড্রেসিংরুমের অন্দরমহল থেকে সেই বন্ধুর কাছে নিখুঁত খবর আসত কে কত রান করবেন বা কোন দল জিতবে।
Read More: ডার্বি জিতেও খুশি নন দিমপেরিস, হেরেও দলের লড়াইয়ে গর্বিত হাবাস
সেই ‘ইনসাইড ইনফরমেশন’ বা গোপন তথ্য কাজে লাগিয়েই চলত জুয়ার কারবার। পামেলার কথায়, “লন্ডনে পড়াশোনা করার সময় বহু বুকির সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ওরা আমাদের কাছ থেকে তথ্য নিয়ে জুয়া খেলত। এই ম্যাচ গড়াপেটার চক্রে জড়িয়ে আমরা প্রচুর টাকা কামিয়েছি।” যদিও ক্যামেরার সামনে পামেলা এও স্বীকার করে নেন যে, অতীতের এই জালিয়াতির জন্য এখন তাঁর প্রবল অনুশোচনা হয়।
জন্ম এবং পড়াশোনা লন্ডনে হলেও, পরবর্তীতে দুবাইয়ে মডেল হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন পামেলা। বর্তমানে লন্ডনে নিজস্ব ব্যবসার পাশাপাশি ইনফ্লুয়েনসার হিসেবেও তিনি বেশ চর্চিত মুখ। কিন্তু তাঁর এই বিস্ফোরক স্বীকারোক্তিতে কার্যত হতবাক রিয়্যালিটি শোয়ের অন্য প্রতিযোগীরা। ভারতে ম্যাচ গড়াপেটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এবং ধরা পড়লে কড়া শাস্তির বিধান রয়েছে, সে কথাও তাঁকে মনে করিয়ে দিয়েছেন সহ প্রতিযোগীরা।
Read More: দলবদলের বাজারে বড় চমক! ইস্টবেঙ্গল ছেড়ে পুরনো ডেরা ওড়িশাতে নন্দকুমার
পামেলার এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে দেশের ক্রীড়ামহল। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের নাম না বললেও, যে ভাবে তিনি সরাসরি ড্রেসিংরুমের অন্দরমহল থেকে খবর পাচার হওয়ার কথা বলেছেন, তা রীতিমতো উদ্বেগজনক। এই মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বা দুর্নীতি দমন শাখা স্বতঃপ্রণোদিত হয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না, এখন সেদিকেই নজর থাকবে গোটা ক্রিকেটবিশ্বের।





