ঘরোয়া ক্রিকেটে রাজনীতির ছায়া, মাত্র ২৪ বছরে অবসর ঘোষণা ক্রিকেটারের

সোহিনী পোড়েল, কলকাতা: একটা সময় বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াতো পাকিস্তান। ১৯৯৩-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ইমরান খানরা মাঠে নামলে প্রতিপক্ষ ক্রিকেটারদের বুকের ভিতরটা কেঁপে উঠত।…

pakistan-cricketer-shahzaib-bhatti-retires-at-24-alleges-politics-in-domestic-cricket

সোহিনী পোড়েল, কলকাতা: একটা সময় বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াতো পাকিস্তান। ১৯৯৩-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ইমরান খানরা মাঠে নামলে প্রতিপক্ষ ক্রিকেটারদের বুকের ভিতরটা কেঁপে উঠত। সেই পাকিস্তানের এখন বেহাল দশা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনওক্রমে সুপার এইট পর্বে পৌঁছে ছিল পাক ব্রিগেড। কিন্তু সেমিতে ওঠা দূরের কথা সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয় সলমন আলি আঘাদের। এমন হতশ্রী পারফরম্যান্সের পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। এবার যেন তাঁদের দাবি অক্ষরে অক্ষরে মিলে গেল। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে রাজনীতির ছায়া। মাত্র ২৪ বছরে অবসর নিলেন শাহজেব ভট্টি (Shahzaib Bhatti)।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বছর ২৪-এর শাহজেব ভট্টি। তিনি লিখেছেন, “বিদায় পাকিস্তান ক্রিকেট। মাত্র ২৪ বছর বয়সে আমি পাকিস্তান ক্রিকেট ছাড়ছি। গত বছর কায়দে আজম ট্রফি জিতেছিলাম, যা টিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছিল। এরপর প্রায় ৪০ টি ম্যাচ আমি বেঞ্চে বসে আছি। আমার একমাত্র স্বপ্ন ছিল পাকিস্তানের জন্য খেলা। কিন্তু রাজনীতি, দুর্নীতি এবং মৌলিক সুবিধার অভাবে আমার কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। অনেকের সঙ্গে এমনই হয়েছে। এখন আমি বুঝতে পারছি কেন সবাই পাকিস্তান ক্রিকেট ছাড়ছে।“

শোয়েব আখতার, শোয়েব মালিক, মহম্মদ আমিরের মতো প্রাক্তন পাক ক্রিকেটারদের মতে, “দেশের ঘরোয়া ক্রিকেট যদি দুর্বল হয়, তাহলে বড় পর্যায়ে খেলোয়াড়রা ভালো করতে পারে না।“ উল্লেখ্য, দুটি ফার্স্ট ক্লাস, একটি টি-টোয়েন্টি এবং একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন শাহজেব ভট্টি। করেছেন ৭৬ রান। নিয়েছেন ৮ টি উইকেট। ২০২৫ সালের জানুয়ারির পর থেকে তাঁকে আর কোনও ম্যাচে খেলতে দেখা যায়নি। বলাই বাহুল্য, শাহজেবকে খেলার সুযোগ দেওয়া হয়নি।