সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার রাতে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউট ম্যাচে নেমেছিল নরওয়ে। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আফ্রিকার শক্তিশালী আইভরি কোস্ট। প্রথমদিকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও পরবর্তীতে অনায়াসেই এগিয়ে গিয়েছিল নরওয়ে। মাঝে প্রতিপক্ষ দল সমতায় ফিরলেও সেই ধারা বজায় রাখা সম্ভব হয়নি। যারফলে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় সোলবাকেনের দল। এদিন নরওয়ের হয়ে গোল পান যথাক্রমে আন্তোনিও নুসা এবং আর্লিং হালান্ড। অন্যদিকে, আইভরি কোস্টের হয়ে গোল করে যান আমাদ দিয়ালো।
শুরুটা আইভরি কোস্টের জন্য যথেষ্ট ইতিবাচক থাকলেও গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয় ফুটবলারদের। প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় ইয়ান দিওমান্ডের হেড থেকে গোল হওয়ার পরিস্থিতি তৈরি হলেও সেটি টার্গেটে থাকেনি। তারপর ও গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল পেপের কাছে। কিন্তু তার শট চলে যায় বাইরে। তারপর থেকেই ম্যাচের বয়স যত বেড়েছে ধীরে ধীরে শক্তি ফেরাতে শুরু করে নরওয়ে। হালান্ডের হেড প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে আটকে গেলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমর্থকদের। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নুসার দুরন্ত শট থেকে চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথমদিকে ফের আক্রমণাত্মক হয়ে ওঠে আইভরি কোস্টের ফুটবলাররা।
তারপর প্রায় ৭৪ মিনিটের মাথায় দিয়ালোর দৌলতে সমতায় ফিরেছিল প্রতিপক্ষ দল। যদিও বেশিক্ষণ এই ফলাফল ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের অন্তিম কোয়ার্টারের মধ্যেই প্যাট্রিকের অ্যাসিস্ট থেকে দুরন্ত শট নিয়েছিলেন সকলের নজরে থাকা আর্লিং হালান্ড। কিছুই করার ছিল না আইভরি কোস্টের গোলরক্ষকের। সময়ের দিকে নজর রেখেই আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় প্রতিপক্ষ দল। নব্বই মিনিটের পর অতিরিক্ত সাত মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। যদিও তাঁর মধ্যেই অঘটন ঘটানোর সুযোগ তৈরি করে ফেলেছিল পেপেরা। কিন্তু অরিয়ান নিলানের দৌলতে রক্ষা পায় নরওয়ে।
শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় হালান্ডরা। আগামী ৬ই জুলাই টপ ১৬ এর ম্যাচে নামবে নরওয়ে। যেখানে তাঁদের লড়াই করতে হবে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিরুদ্ধে।





