World Cup 2026: বিশ্বকাপের আশা এখনও বাঁচিয়ে নেইমার, আন্সেলোত্তির দেওয়া দু’মাস সময়

Neymar Hints At Retirement Amid World Cup Uncertainty

ইউরোপ ও সৌদি আরবের অধ্যায় শেষ করে গত বছর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন ব্রাজ়িলের তারকা ফুটবলার Neymar Jr.। প্রত্যাবর্তনের পিছনে শুধু আবেগই ছিল না, ছিল বড় স্বপ্নও, আরও একবার ব্রাজ়িলের জার্সিতে বিশ্বকাপ (World Cup 2026) মঞ্চে নামা। কিন্তু সেই স্বপ্নের পথে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে চোট-আঘাত। ফলে আসন্ন বিশ্বকাপের আগে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

ব্রাজ়িল জাতীয় দলের নতুন কোচ Carlo Ancelotti সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছেন। সেই দলে জায়গা হয়নি নেইমারের। কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট না হলে কাউকেই দলে নেওয়া হবে না। তারকা পরিচয় নয়, মাঠের পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতাই হবে নির্বাচনের প্রধান মাপকাঠি। তবে নেইমারের জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেননি আন্সেলোত্তি। বরং তিনি জানিয়ে দিয়েছেন, এখনও সময় আছে। আগামী দু’মাসের মধ্যে নিজেকে প্রমাণ করতে পারলে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। এই মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন নেইমার সমর্থকেরা।

   

২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসনের পর তিনি ক্লাব ফুটবলে ফিরলেও এখনও নিয়মিতভাবে পুরো ম্যাচ খেলতে পারেননি। মাঝে মধ্যে তাঁর প্রতিভার ঝলক দেখা গেলেও আগের ধারাবাহিকতা এখনও ফেরেনি। আর সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আন্সেলোত্তি মনে করেন, নেইমারের প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই। বড় ম্যাচের চাপ সামলানো, আক্রমণে সৃজনশীলতা আনা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনও রয়েছে তাঁর মধ্যে। তাই তাঁকে নজরে রেখেছে ব্রাজ়িল ফুটবল কর্তৃপক্ষও। কোচের মতে, যদি আগামী কয়েক সপ্তাহে নেইমার ফিটনেস ফিরে পান এবং ধারাবাহিকভাবে ভালো খেলেন, তবে তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া সম্ভব। নেইমারের সামনে তাই এখন কঠিন পরীক্ষা।

শুধু নামের জোরে নয়, মাঠে নেমে নিজের সামর্থ্য দেখিয়ে জায়গা নিশ্চিত করতে হবে। বয়স বাড়লেও তাঁর দক্ষতা, গতি এবং অভিজ্ঞতা এখনও ব্রাজ়িলের জন্য মূল্যবান হতে পারে। বিশেষ করে নকআউট পর্যায়ের মতো বড় ম্যাচে এমন একজন অভিজ্ঞ ফুটবলারের গুরুত্ব অনেক। ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। সময় খুব বেশি নেই। তাই আগামী দু’মাস নেইমারের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। তিনি কি আবারও নিজেকে ফিরে পাবেন? তিনি কি শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে ব্রাজ়িলকে নেতৃত্ব দিতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে এখন অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। নেইমারের ভক্তদের আশা, শেষ পর্যন্ত তাঁর জন্যই আবার গর্জে উঠবে বিশ্বকাপের মেজাজ ?