Home Sports News সবুজ-মেরুনের এই প্রাক্তন তারকাকে দলে টানল মুম্বাই সিটি এফসি

সবুজ-মেরুনের এই প্রাক্তন তারকাকে দলে টানল মুম্বাই সিটি এফসি

mumbai-city-fc-signs-former-mohun-bagan-star-joni-kauko

শেষ সিজনটা একেবারেই সুবিধার ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। যদিও সেটা বজায় ছিল না বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল দুইবারের আইএসএল জয়ী এই দলকে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। তবে সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করেছিল গোটা পরিস্থিতি।

- Advertisement -

আইএসএলের দ্বিতীয় লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বাণিজ্য নগরীর এই দল। লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। তারপর আন্তর্জাতিক বিরতির পর প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের পুনরায় লড়াই করতে হয়েছিল তৎকালীন কোচ জেরার্ড জারাগোজার বেঙ্গালুরুর বিপক্ষে। পূর্বে লিগ ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচে মুম্বাই সিটির দাপট থাকলে ও সেটা বজায় ছিল না চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। অনায়াসেই জয় পেয়েছিল সুনীল ব্রিগেড।

   

সেই হতাশা ভুলে গতবারের কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি। তবে অতীত ভুলে এবার সাফল্যের মধ্য দিয়ে সিজন শুরু করার পরিকল্পনা ছিল দেশের বানিজ্য নগরীর এই ক্লাবের। সেইমতো এবার গোয়ায় আয়োজিত সুপার কাপে প্রথম থেকেই দাপট ছিল মুম্বাইয়ের। যদিও সেমিতে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে। এই ধাক্কা কাটিয়ে আসন্ন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর সকলে। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের চূড়ান্ত সূচি। আগামী ১৯শে ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে পেট্র ক্র্যাটকির ছেলেরা।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্লিফোর্ড মিরান্ডার শক্তিশালী চেন্নাইয়িন এফসির। এসবের মাঝেই সকলকে চমকে দিয়ে ফিনল্যান্ডের এক তারকা ফুটবলারকে দলে টানল ম্যানেজমেন্ট। তিনি জনি কাউকো। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এবার তাঁকেই দলে টেনেছে আইএসএল জয়ীরা। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে মুম্বাই। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে দাপুটে পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। এছাড়াও পরবর্তীতে আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে এসেছিলেন ইন্টার কাশীতে। জিতেছেন আইলিগ। পরবর্তীতে নিজের দেশের ক্লাব কেটিপিতে যোগদান করলেও সেখান থেকেই ফিরে এলেন ভারতে।

Follow on Google