বুধবার থেকেই বন্ধ হচ্ছে বাগানের অনুশীলন, কবে ফিরবেন ফুটবলাররা?

এখনও অন্ধকারের মধ্যে রয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। অন্যান্য মরসুম গুলিতে এমন সময় জোরকদমে চালু থাকে ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন।…

Mohun Bagan Robson Robinho preparation ahead Super Cup 2025

এখনও অন্ধকারের মধ্যে রয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। অন্যান্য মরসুম গুলিতে এমন সময় জোরকদমে চালু থাকে ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। চলতি মাসের শুরুতেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সেই কথা মাথায় রেখে গত কয়েক মাসে ক্লাব গুলির সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছিল এআইএফএফ। কিন্তু মেলেনি সমাধান সূত্র। এমন পরিস্থিতিতে অনুশীলন বন্ধ রেখেছে দেশের প্রথম সারির অধিকাংশ ফুটবল ক্লাব। তবে ব্যতিক্রম ছিল মোহনবাগান (Mohun Bagan)।

Advertisements

গত নভেম্বরে শুরু হয়েছিল সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। যা শেষ হয়েছে চলতি মাসের সাত তারিখে। তারপর থেকেই যথেষ্ট নিষ্ক্রিয় রয়েছে দেশের প্রথম ডিভিশনের অধিকাংশ দল। তবে এমন পরিস্থিতিতে হোসে মোলিনাকে বিদায় জানিয়ে সার্জিও লোবেরার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। ওডিশা এফসির এই প্রাক্তন কোচের অনুপস্থিতিতে প্রথম কয়েকদিন বাস্তব রায় সহ অন্যান্য সহকারীরা দলের দায়িত্ব পালন করেন। তারপর ভিসা সমস্যা মিটিয়ে শহরে আসেন লোবেরা।

   

তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকদিন অনুশীলন করেছিলেন জেসন কামিন্স থেকে শুরু করে শুভাশিস বসুরা। তারপর ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ও নেমেছিল দল। সম্পূর্ণ সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছে মেরিনার্সরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার আসন্ন প্রথম ডিভিশন লিগে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে সকলের। তবে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি আইএসএলের দিনক্ষণ। এসবের মাঝেই এবার বড়দিনের পাশাপাশি ইংরাজি নববর্ষকে মাথায় রেখে দলের ফুটবলারদের বেশকিছু দিন ছুটি দিলেন সার্জিও লোবেরা।

সেই অনুযায়ী আগামী ২৪ শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকতে চলেছে সবুজ-মেরুনের অনুশীলন। খেলোয়াড়রা নিজেদের মতো করে এই ছুটি কাটিয়ে ফের যোগ দেবেন অনুশীলনে। এই ছুটিতে নিজেদের ফিটনেসের দিকে ও বিশেষ নজর দিতে চাইবেন সকলে।

Advertisements