সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ফুটবল মরসুমটা একেবারেই ভালো যায়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা কার্যকরী হয়নি সেটি। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। সেই ধাক্কা কাটিয়ে আইএফএ শিল্ড জয় করলেও পরবর্তীতে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে জোর ধাক্কা খেয়েছিল মেরিনার্সরা। তবে সেই হতাশা কাটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর ছিল সবুজ-মেরুন ব্রিগেড।
Also Read | ‘দাদাগিরি’র বিশ্বস্বীকৃতি! আইসিসি ‘হল অফ ফেম’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়
কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রথম থেকেই দাপুটে ফুটবল খেলে পয়েন্ট ছিনিয়ে নিতে শুরু করলেও সময় এগোনোর সাথে সাথেই পয়েন্ট নষ্ট করতে শুরু করেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনওরকমে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভব হলেও চূড়ান্ত সাফল্য মেলেনি। দুই প্রধানের পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। পুরনো সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সে ক্ষেত্রে বেশ কিছু বদল এসেছে দলের মধ্যে।
Also Read | বিশ্বকাপের মঞ্চে পুরস্কৃত পাকিস্তান! ডালাসের গ্যালারিতে রচিত হল ইতিহাস
বিদায় জানানো হয়েছে বিদেশি ফুটবলার টম অলড্রেড থেকে শুরু করে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকে। তার পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ পানিগিওটিস দিলমপেরিস। তার তত্ত্বাবধানে দল কতটা সাফল্য পায় সেটাই দেখার বিষয়। এবার উঠে এসেছে নয়া তথ্য। আসন্ন ডুরান্ড কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে বৃহস্পতিবার বিকেল থেকেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের সিনিয়র দল। জানা গিয়েছে আপাতত ভারতীয় ফুটবলারদের নিয়েই চলবে অনুশীলন। পরবর্তীতে যোগ দেবেন বিদেশি ফুটবলাররা।





