সোহিনী পোড়েল, কলকাতা: কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, মহামেডান স্পোর্টিং। পর পর ৩ দলের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মোহনবাগান (Mohun Bagan)। জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে সবুজ মেরুন। আগামী ৬ মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা। কিন্তু এই ম্যাচের আগে মোহনবাগানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সমর্থকদের ‘অপরাধে’ শাস্তি পেতে হবে মোহনবাগানকে। যুবভারতী থাকবে দর্শকশূন্য।
যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএলের যাত্রা শুরু করেছিল মোহনবাগান। এই ম্যাচে দর্শকদের নিয়মবিরুদ্ধ আচরণের অভিযোগ ওঠে। অভিযোগ জমা পড়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। অভিযোগের ভিত্তিতে বাগান ব্রিগেডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়ামে দর্শক থাকতে পারবে না। সঙ্গে করা হয়েছে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও।
মঙ্গলবার সকালে মোহনবাগানের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ক্লাব আর্থিক জরিমানার বিষয়টি মেনে নিয়েছে।“ এরপর নির্দেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ক্লাবের তরফে জানানো হয়, “আগামী ৬ মার্চ ওড়িশা এফসির ম্যাচটি বন্ধ স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে আমরা খুবই হতাশ। আমাদের ক্লাবের যাঁরা হৃৎস্পন্দন, সেই হাজার হাজার আবেগি সমর্থকের জন্য এটা অন্যায্য শাস্তি। সমর্থকদের স্বার্থে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেও গৃহীত হয়নি। ফুটবল দর্শকদের জন্য। তাঁদের এর থেকে ভালো কিছু প্রাপ্য।“




















