মেসি বিতর্কে বিস্ফোরক শতদ্রু, অরূপ-রাজীবের বিরুদ্ধে এফআইআর

যুবভারতীর মেসি অনুষ্ঠান (Messi Controversy) ঘিরে ফের চাঞ্চল্য। শতদ্রু দত্তের অভিযোগ, অনুমতি ছাড়া মাঠে প্রবেশ ও নিরাপত্তা ভাঙার দায় তাঁর উপর চাপানো হয়েছিল।

messi-controversy-satadru-dutta-fir-arup-biswas-rajeev-kumar

বিট্টু দত্ত, কলকাতা: আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার Lionel Messi-কে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া বিতর্ক ফের নতুন করে সামনে এল। এবার বিস্ফোরক অভিযোগ আনলেন ‘মেসি গোট টুর’-এর আয়োজক শতদ্রু দত্ত। তাঁর দাবি, তৎকালীন রাজ্যের ক্রীড়ামন্ত্রী Arup Biswas অনুমতি ছাড়াই মাঠে নেমে মেসির কাছে পৌঁছে গিয়েছিলেন। শুধু তাই নয়, গোটা ঘটনায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলির পাঁঠা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

শতদ্রু জানিয়েছেন, ইতিমধ্যেই অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস এবং তৎকালীন রাজ্য পুলিশের ডিজি Rajeev Kumar-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বা করার প্রক্রিয়া শুরু করেছেন। তাঁর অভিযোগ, যেদিন যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনা ঘটে, সেদিন যাদের মাঠে নামার কোনও অনুমতি ছিল না, তারাও প্রভাব খাটিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। সেই ঘটনাই নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

   

কোন্নগরের ব্যবসায়ী শতদ্রু দত্তের দাবি, জুঁই বিশ্বাসের মাঠে প্রবেশের কোনও অনুমতি ছিল না। তা সত্ত্বেও তিনি মাঠে ঢুকে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন। শতদ্রুর অভিযোগ, প্রভাব খাটিয়ে এবং নিয়ম ভেঙেই মেসির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠরা। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, কয়েকজন আমলার বিরুদ্ধেও তিনি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন।

মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের পর যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় দীর্ঘদিন আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয়েছিল শতদ্রুকে। তাঁর কথায়, সেই সময় তাঁকেই মূল অভিযুক্ত হিসেবে সামনে আনা হয়েছিল। প্রায় ৩৮ দিন জেল হেফাজতেও কাটাতে হয়েছিল তাঁকে। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। তবে এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও এখন তিনি সরব হয়েছেন।

শতদ্রুর আরও অভিযোগ, নতুন সরকার গঠনের পর তিনি মুখ খোলার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেছেন, এতদিন তাঁকে এবং তাঁর পরিবারকে ভয় দেখানো হয়েছিল। মুখ খুললে ক্ষতি করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর। সেই কারণেই এতদিন চুপ ছিলেন বলে জানিয়েছেন তিনি। এখন তিনি শুধু ফৌজদারি অভিযোগেই থেমে থাকছেন না। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও করার কথা ঘোষণা করেছেন শতদ্রু।

তাঁর মতে, মেসির অনুষ্ঠানকে ঘিরে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তায় গাফিলতি করা হয়েছিল এবং সেই দায় তাঁর একার উপর চাপিয়ে দেওয়া হয়। শতদ্রুর দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বিধাননগর থানায় এই অভিযোগ দায়েরের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। বহু বছর পর ফের সামনে আসা এই মেসি বিতর্ক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।