Lines of Legacy’ থিমে চমক, নয়া জার্সি উন্মোচন নাইট শিবিরের

kkr-new-jersey-launch-ipl-2026-lines-of-legacy-theme

কলকাতা: দামাম বেজে গিয়েছে আইপিএলের ১৯তম (IPL 2026) সংস্করণের। হাতে বাকি মাত্র সপ্তাহ দুয়েক। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। চলছে টিকিট বুকিংয়ের তোড়জোড়। শনিবার দুপুরে আসন্ন আইপিএল মরশুমের নয়া জার্সি উন্মোচন করল ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। যা দেখে আনন্দে আত্মহারা নাইট সমর্থকরা।

অধিনায়ক অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তীদের নতুন জার্সি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেকেআর কর্তৃপক্ষ। ‘Lines of Legacy’ থিমকে সামনে রেখে তৈরি করা হয়েছে নাইটদের নয়া জার্সি। চিরাচারিত বেগুনি-সোনালি রংয়ের উপরেই তৈরি জার্সি। এ বারের জার্সিতে নতুন চমক জার্সির মধ্যে থাকা লাইন।

   

নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘‘Lines of Legacy কেকেআরের দীর্ঘ যাত্রাপথ এবং সাফল্যকে তুলে ধরছে। জার্সির প্রতিটি রেখা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির প্রতিনিধি। এই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন মরসুমকেও আমরা সমর্থকদের জন্য স্মরণীয় করে তুলতে চাই।“

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, জার্সির মূল রং পরিচিত গাঢ় বেগুনি। বেগুনি রংয়ের উপরেই বেগুনি রংয়ের সুনিপুণ দাগ কাটা। এই দাগগুলোর মাধ্যমে গত ১৮ বছরের আইপিএলে নাইটদের ইতিহাসের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। কাঁধের কাছে এবং দু’পাশে রয়েছে চকচকে সোনালি রং। গতবারের তুলনায় এবারের সোনালি রংয়ের ‘বর্ডার’ লাইন একটু মোটা। জার্সির সামনে ৩ টি স্টার আঁকা। ৩ টি স্টারের অর্থ, ৩ বারের চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক।