মোহনবাগানকে সমীহ করে কী বললেন বেনালি?

juan-pedro-benali

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্যে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে চেন্নাইয়িন, মহামেডান এবং ওডিশা এফসির বিরুদ্ধে সহজেই এসেছিল জয়। তবে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার মধ্য দিয়েই হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তারপর মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসির বিরুদ্ধে ও আসেনি জয়। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল মেরিনার্সদের। তবে গত ম্যাচে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কষ্টার্জিত জয় পায় মোহনবাগান।

সেই ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুইবার পিছিয়ে থেকে সমতায় ফিরেছিল বাগান। শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ের দিকে এসেছিল জয় সূচক গোল। ঘরের মাঠে দল তিন পয়েন্ট নিশ্চিত করতে পারলেও মাঝমাঠের সক্রিয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এসবের মাঝেই চোটের কবলে রয়েছেন আপুইয়া থেকে শুরু করে আলবার্তো রদ্রিগেজের মতো গুরুত্বপূর্ণ ফুটবলার। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।

   

খাতায় কলমে তাঁদের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তবে অ্যাওয়ে ম্যাচ যে সহজ নয় সেটা বলাই চলে। অন্যদিকে, হোম ম্যাচ হলেও মোহনবাগান দল যে গতবারের মতো এবারও চ্যাম্পিয়নের দাবিদার সেটাও জানেন টানা দুইবারের ডুরান্ড জয়ী কোচ হুয়ান পেদ্রো বেনালি। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ আমাদের হারানোর কিছু নেই। তবে এটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের ম্যাচ হবে। আমরা জানি মোহনবাগান এই লিগের অন্যতম শক্তিশালী দল।’

আরও বলেন, ‘কিন্তু আমি আমার খেলোয়াড়দের ওপর আত্মবিশ্বাসী। আমাদের ওপর কোনও চাপ নেই এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত।’ শেষ পর্যন্ত কাদের আসে জয় সেটাই দেখার।