মাত্র ২৫ বছরেই মৃত্যু! বিশ্বকাপ খেলে দেশে ফিরেই প্রাণ হারালেন জেডেন অ্যাডামস

বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন সদ্যই পূরণ হয়েছিল। কিন্তু সেই স্বপ্নের রেশ কাটতে না কাটতেই বিশ্ব ফুটবল শুনল এক মর্মান্তিক খবর। মাত্র…

jayden-adams-dies-mysteriously-after-2026-fifa-world-cup

বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন সদ্যই পূরণ হয়েছিল। কিন্তু সেই স্বপ্নের রেশ কাটতে না কাটতেই বিশ্ব ফুটবল শুনল এক মর্মান্তিক খবর। মাত্র ২৫ বছর বয়সেই রহস্যজনকভাবে মৃত্যু হল দক্ষিণ আফ্রিকার প্রতিশ্রুতিমান মিডফিল্ডার জেডেন অ্যাডামসের।

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি। শনিবার সকালে কেপটাউনের স্কটশে ক্লুফ এলাকার একটি বাড়ি থেকে এই তরুণ ফুটবলারের মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র এফসি ভ্যান উইক জানিয়েছেন, “ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তার তদন্ত চলছে।”

Advertisements

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবলে জেডেন ছিলেন এক অত্যন্ত পরিচিত এবং উজ্জ্বল নাম। স্টেলেনবশ ক্লাবের যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা প্রথম ফুটবলার হিসেবে পেশাদার চুক্তি সই করেছিলেন তিনি। ওই ক্লাবের হয়ে ১৩৯টি ম্যাচ খেলার পাশাপাশি ২০২৩ সালে জেতেন কার্লিং নকআউট ট্রফি। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি যোগ দেন মামেলোডি সানডাউনস ক্লাবে।

চলতি বিশ্বকাপেও জাতীয় দলের কোচ তাঁর ওপর ভরসা রেখেছিলেন। মেক্সিকোর বিরুদ্ধে (২-০ ব্যবধানে হার) এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে (১-১ ড্র) প্রথম একাদশেই মাঠে নেমেছিলেন জেডেন। এরপর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচেও বদলি হিসেবে নামেন তিনি। তবে শেষ বত্রিশের লড়াইয়ে কানাডার বিরুদ্ধে তিনি মাঠে নামেননি।

তরুণ এই ফুটবলারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দক্ষিণ আফ্রিকা। দেশের ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে জানিয়েছেন, “মামেলোডি সানডাউনস এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের মিডফিল্ডার জেডেনের প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল প্রতিভাকে হারাল। অ্যাকাডেমির এক প্রতিশ্রুতিমান তরুণ থেকে জাতীয় দলের ফুটবলার হিসেবে তাঁর বেড়ে ওঠা আমরা দেখেছি।”
শোক প্রকাশ করেছে সেদেশের ফুটবলার্স ইউনিয়নও। এক আবেগঘন বিবৃতিতে তারা জানিয়েছে, “জেডেন সদ্যই ২০২৬ বিশ্বকাপে সাহস এবং গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছে। তাঁর এই অকাল প্রয়াণ গোটা ফুটবল মহল এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”