সোহিনী পোড়েল, কলকাতা: দীর্ঘ ডামাডোলের পর অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ বা ISL। যদিও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে ঠাণ্ডা লড়াই অব্যাহত আইএসএলের ক্লাবগুলির। আগেই চিঠি দিয়ে পূর্বঘোষিত ১ কোটি টাকা দেবে না বলে জানিয়ে দিয়েছে আইএসএলের ক্লাবগুলি। যদিও সেই তালিকায় নেই জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। তবুও এখনও নির্বিকার কেন ফেডারেশন? উঠছে হাজারও প্রশ্ন।
সম্প্রতি ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণকে চিঠি দিয়ে আইএসএলের জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড ছাড়া ১২ টি ক্লাবের তরফ থেকে জানানো হয়, যদি ফেডারেশন মনে করে আইএসএল শুধুমাত্র ফেডারেশনের লিগ, তাহলে ফেডারেশনকেই নিতে হবে পুরো আর্থিক দায়ভার। যদি এই লিগের অংশীদারিত্ব পায় ক্লাবগুলোও, তাহলে লিগ পরিচালনার ক্ষেত্রে ক্লাবগুলির কথাকেও মান্যতা দিতে হবে। কিন্তু ক্লাবগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা করা হয় না। আলোচনা ছাড়াই নিজেদের ইচ্ছা মতো দীর্ঘমেয়াদি মার্কেটিং রাইটস দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছে।
ক্লাবদের এমন মনোভাব জানার পরও নির্বিকার ফেডারেশন কর্তারা। কান পাতলে ভারতীয় ফুটবলের অন্দরে শোনা যাচ্ছে, দুই কারণে নির্বিকার ফেডারেশন। ১. যেভাবেই হোক ইন্ডিয়ান সুপার লিগ শেষ করাই প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য ফেডারেশনের। ২. কমার্শিয়াল পার্টনার নিয়ে। বলে রাখা ভালো, আইএসএল শুরুর আগে ঠিক করা হয়েছিল, শর্ট টার্ম আইএসএল চালানোর জন্য গঠন করা হবে গভর্নিং কাউন্সিল। গভর্নিং কাউন্সিল ঠিক করতে আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলির কাছে প্রস্তাবিত চ্যাটার পাঠিয়েছে ফেডারেশন। চ্যাটারে রয়েছে আইএসএল খেলার জন্য প্রত্যেকটি ক্লাব ১ কোটি টাকা করে দেবে। কিন্তু এখনও পর্যন্ত চ্যাটারে সই করেনি ক্লাবগুলি।


