বাবান আদক, কলকাতা: দলে যখন এমন ‘বন্ধু’ থাকে, তখন আর বাইরের শত্রুর কী দরকার! বাইশ গজের লড়াই শুরুর আগেই বন্ধু অভিষেক শর্মার থেকে টি-টোয়েন্টির পয়লা নম্বরের মুকুটটা ছিনিয়ে নিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। সিংহাসন হাতবদল হলো ঠিকই, কিন্তু রাজত্বটা সেই ভারতীয়দেরই থাকল!
আইসিসির শেষ প্রকাশিত পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ঘটেছে এই চমকপ্রদ ঘটনা। কোনো নতুন ম্যাচ খেলার আগেই র্যাঙ্কিংয়ের টেবিলে ঘটেছে বড়সড় রদবদল। এতদিন শীর্ষে থাকা অভিষেক শর্মাকে সরিয়ে প্রথমবারের মতো বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটারের মুকুট নিজের মাথায় তুলে নিলেন ঈশান কিষাণ। ড্রেসিংরুমের এই ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ যে ভারতীয় ক্রিকেটের গভীরতা বাড়িয়ে দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
তবে র্যাঙ্কিংয়ের এই উত্থান পতনের জোয়ারে বেশ কিছু তারকার পতনও হয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় রেটিং পয়েন্ট হারিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি সপ্তম থেকে নেমে গেছেন অষ্টম স্থানে। বোলারদের তালিকায় একই দশা মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এবং তারকা পেসার জসপ্রীত বুমরার। শেষ কয়েকটি ম্যাচে মাঠে না থাকার খেসারত দিয়ে বরুণ নেমে গেছেন তৃতীয় স্থানে এবং বুমরা নেমেছেন ষষ্ঠ স্থানে।
র্যাঙ্কিংয়ের এই ঝঞ্ঝার মধ্যেও উজ্জ্বল শিবম দুবে। অলরাউন্ডারদের তালিকায় তিনি দশম থেকে একলাফে সপ্তম স্থানে উঠে এসেছেন। সাম্প্রতিক পারফরমেন্সের সুবাদে তিন ধাপ উঠে এসেছেন তিনি । তবে অলরাউন্ডারদের তালিকার মসনদ এখনও জিম্বাবোয়ের সিকন্দার রাজার দখলেই।
সব মিলিয়ে, র্যাঙ্কিংয়ের এই উঠানামা তো নিছকই এক সাময়িক চিত্র। আজ অভিষেক তো কাল ঈশান সিংহাসন বদল হলেও মাঠের লড়াইয়ে ভারতীয় জার্সিই যে শেষ কথা বলবে, তাতে কোনো সন্দেহ নেই। ঈশানের এই সাফল্য প্রমাণ করে দিল, দলে প্রতিভার অভাব নেই, বরং সুযোগের সদ্ব্যবহারের লড়াইয়ে আজ ঈশানই এগিয়ে। এখন ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়, র্যাঙ্কিংয়ের এক নম্বরের তকমা নিয়ে ঈশানের ব্যাট থেকে আজ বাইশ গজে আগুন ঝরে কিনা!





