নয়াদিল্লি: জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ নামিবিয়া। তুলনামূলক সূর্যকুমারদের কাছে সহজ প্রতিপক্ষ নামিবিয়া। ঘরের মাঠে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে। যদিও ভারতীয় শিবিরে চোট আতঙ্ক রয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নামিবিয়া। তা ভুলে সূর্যদের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়তে মরিয়া নামিবিয়া। দলের অন্যতম ভরসা নিকোল লফটি এটন জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। আর সেই কারণেই আমার মনে হয়, চাপটা ভারতেরই উপরে। আমাদের হারানোর কিছু নেই। আমরা দল হিসেবে কতটা ভালো, তুলে ধরার চেষ্টা যেমন করব, সেই সঙ্গে দলে কতটা প্রতিভা রয়েছে, সেটাও দেখাতে চাইছি। ভারতের বিরুদ্ধে নামার আগে আমরা হোমওয়ার্ক করেছি। সেই মতো খেলার চেষ্টা করব।“
ভারতের বিরুদ্ধে নামার আগে নামিবিয়ার অধিনায়কের অভিযোগ, ম্যাচ খেলতে নামার আগে তাদের অনুশীলনের জন্য রাতের কোনও সময় দেয়নি আইসিসি। ফলে রাতে আবহাওয়া কেমন থাকবে বা উইকেট, আউটফিল্ড কেমন থাকবে সেটা না জেনেই খেলতে নামবে তাঁরা। পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একবার মুখোমুখি হয়েছে ভারত ও নামিবিয়া। ২০২১ সালের ৮ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ। ৯ উইকেটে দাপুটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। খাতায় কলমে নামিবিয়ার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
ভারতর সম্ভাব্য একাদশ
ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ
নামিবিয়ার সম্ভাব্য একাদশ
লোরেন স্টিনক্যাম্প, জান ফ্রাইলিঙ্ক, জান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটকিপার), ডিলান লাইচার, রুবেন ট্রাম্পেলম্যান, উইলেম মাইবার্গ, বার্নার্ড স্কল্টজ, ম্যাক্স হেইঙ্গো




















