বিট্টু দত্ত, কলকাতা ডেস্ক: মহিলাদের টি-২০ বিশ্বকাপে (Womens T20 World Cup ) সেমিফাইনালের লড়াই জমে উঠেছে চরমে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হার ভারতের রাস্তা কঠিন করে দিলেও এখনও শেষ হয়ে যায়নি আশা। শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই কার্যত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবেন হরমনপ্রীত কৌরেরা। তবে সেই কাজ মোটেও সহজ নয়, কারণ প্রতিপক্ষ টুর্নামেন্টে এখনও অপরাজিত অস্ট্রেলিয়া।
চারটি ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে দক্ষিণ আফ্রিকারও। তবে ৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৪ পয়েন্ট থাকা বাংলাদেশের সম্ভাবনা শুধু কাগজে-কলমেই টিকে রয়েছে।
গ্রুপ ‘এ’-তে এখনও বাকি রয়েছে দুটি ম্যাচ। প্রথমে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। তারপর টুর্নামেন্টের অন্যতম হাইভোল্টেজ লড়াই—ভারত বনাম অস্ট্রেলিয়া। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকা জিতলেও দুই দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে নেট রানরেটে, আর সেখানেই অনেকটাই এগিয়ে ভারত।
এই মুহূর্তে ভারতের নেট রানরেট +২.২৬৮, যেখানে দক্ষিণ আফ্রিকার +০.৭৩৪। ফলে ভারত যদি ১০ রানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশকে প্রায় ১৩০-১৩৫ রানের বিশাল ব্যবধানে হারাতে হবে অথবা রান তাড়া করলে মাত্র ৫-৬ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। বাস্তবে যা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশকে হারালেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠে যাবে এবং ভারতের অভিযান শেষ হবে। ভারতের একমাত্র ভরসা তখন বাংলাদেশের অঘটন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানো।
ভারতের জন্য একটি স্বস্তির বিষয়ও রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই তারা জেনে যাবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচের ফল। ফলে ঠিক কতটা ঝুঁকি নিতে হবে বা কী কৌশল সাজাতে হবে, সেই হিসাব করেই মাঠে নামবেন হরমনপ্রীত কৌর ও তাঁর দল।
সব মিলিয়ে ভারতের সামনে এখন একটাই লক্ষ্য—অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। কারণ সেমিফাইনালের টিকিট এখনও ভারতের হাতেই, কিন্তু সেই দরজা খুলতে হলে পেরোতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষাই।



