ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বা গড়াপেটার ঘটনা নতুন নয়। বেশ কিছু বছর আগে আইপিএলে ম্যাচ ফিক্সিং ( Match Fixing) কাণ্ডে জড়িয়েছিলেন শ্রীসন্থ-এর মতো তারকা ক্রিকেটাররা। শ্রীসন্থ-সহ একাধিক তারকাকে নির্বাসিত করা হয়েছিল। এমনকি নির্বাসিত করা হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। এবার নবতম সংযোজন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে গড়াপেটার অভিযোগ উঠল। এই দায়ে প্রাক্তন নাইট তারকা জেভন সিয়ার্লেসকে বরখাস্ত করেছে আইসিসি।
বার্বাডোজের ঘরোয়া বিম-১০ টুর্নামেন্টের ২০২৩-২৪ সংস্করণে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে প্রাক্তন নাইট তারকা জেভন সিয়ার্লেসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গড়াপেটায় যুক্ত থাকা, মদত দেওয়া, ফলাফলে প্রভাব ফেলার অভিযোগ উঠেছে। এমনকি একই রকমভাবে গড়াপেটার অভিযোগ উঠেছে বিম-১০ এর ফ্র্যাঞ্চাইজি টাইটান্সের কর্ণধার চিত্তরঞ্জন রাঠোর এবং দলের কর্তা ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে। তাঁদেরকেও বরখাস্ত করা হয়েছে।
আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, বার্বাডোজের ঘরোয়া বিম-১০ টুর্নামেন্টে গড়াপেটায় যুক্ত থাকা, মদত দেওয়া, ফলাফলে প্রভাব ফেলার অভিযোগ উঠেছে জেভন সিয়ার্লেস, ফ্র্যাঞ্চাইজি টাইটান্সের কর্ণধার চিত্তরঞ্জন রাঠোর এবং দলের কর্তা ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে। তাঁদের আগামী ১৪ দিনের মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য সময় দেওয়া হয়েছে। নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে শাস্তি প্রত্যাহার করা হবে। আর যদি নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে আজীবন নির্বাসিত থাকতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালে কেকেআরের হয়ে চারটি ম্যাচ খেলেছেন জেভন সিয়ার্লেস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ ৫ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন তিনি।




















