ট্রফির সঙ্গেই রাজকীয় আংটি! মেগা ফাইনালে ফিফার মার্কিনি চমক

বাবান আদক, কলকাতা ডেস্ক: আমেরিকার মাটিতে বিশ্বকাপ (FIFA World Cup), আর মার্কিন ক্রীড়া সংস্কৃতির ছোঁয়া থাকবে না, তা কি হয়! এনবিএ বা এনএফএল-এর মতো জনপ্রিয়…

fifa-introduces-championship-ring-for-2026-world-cup-winners

বাবান আদক, কলকাতা ডেস্ক: আমেরিকার মাটিতে বিশ্বকাপ (FIFA World Cup), আর মার্কিন ক্রীড়া সংস্কৃতির ছোঁয়া থাকবে না, তা কি হয়! এনবিএ বা এনএফএল-এর মতো জনপ্রিয় মার্কিন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চ্যাম্পিয়নদের আঙুলে শোভা পায় রাজকীয় ‘চ্যাম্পিয়নশিপ রিং’। সেই ঐতিহ্যকেই এবার বিশ্ব ফুটবলের সব চেয়ে বড় মঞ্চে নিয়ে এল ফিফা। ২০২৬ সালের এই বিশ্বকাপে বিশ্বকাপ ট্রফি ও সোনার পদকের পাশাপাশি এবার আর্জেন্টিনা বা স্পেন পেতে চলেছে এক অভিনব পুরস্কার ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই বিশেষ স্মারক আংটির ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ চড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ঠিক ২০২৬টি আংটিই তৈরি করা হচ্ছে। তবে এর মধ্যে মাত্র ৩০টি এক্সক্লুসিভ আংটি বরাদ্দ থাকবে বিশ্বজয়ী দলের ফুটবলার এবং কোচিং স্টাফদের জন্য। বাকি আংটিগুলি সরকারি লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে।

আংটির নকশাতেও থাকছে আভিজাত্যের ছাপ। এর এক দিকে খোদাই করা থাকবে বিশ্বকাপের সুপরিচিত নকশা, আর অন্য দিকটিতে থাকবে চ্যাম্পিয়ন দলের নাম, প্রতীক এবং তাদের নিজস্ব রং। বিশ্বজয়ী দলের সদস্যদের জন্য বরাদ্দ আংটিগুলিতে থাকবে আলাদা নম্বর, যা এই স্মারকটিকে আরও বেশি ব্যক্তিগত ও মূল্যবান করে তুলবে।

তবে চ্যাম্পিয়ন হওয়ার রাতেই ফুটবলাররা নিজেদের আংটি হাতে পেয়ে যাবেন না। ১৯ জুলাই ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ এবং অধিনায়কের হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া হবে একটি অস্থায়ী আংটি। পরবর্তী সময়ে বিশ্বজয়ী দলের প্রত্যেক সদস্যের আঙুলের নিখুঁত মাপ নিয়ে, সম্পূর্ণ কাস্টমাইজড আংটি তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেবে ফিফা।

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন অভিনব সম্মাননা এই প্রথম। এখন শুধু সময়ের অপেক্ষা। ট্রফি ধরে রেখে লিওনেল মেসিরা এই ঐতিহাসিক আংটি পরার প্রথম সুযোগ পান, নাকি স্প্যানিশ আর্মাডাদের আঙুলে ওঠে এই রাজকীয় স্মারক সেটাই এখন দেখার।

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read |  “সিএফএল কি আদৌ পেশাদার লিগ?” বিষ্ফোরক ব্যারেটো