
এই সিজনেও যথেষ্ট ছন্দময় ফুটবল খেলছে এফসি গোয়া (FC Goa)। গতবারের মতো এবারও সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ এসেছে তাঁদের ঘরে। গত ডিসেম্বরে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে টানা দুইবার এই শিরোপা লাভ করেছে মানোলো মার্কেজের ছেলেরা। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এবার সর্বভারতীয় ফুটবল লিগ তথা আইএসএলে ও সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ। তবে শুরুটা মোটেই ভালো ছিল না। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও আটকে যেতে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশীর কাছে।
তারপর যদিও দ্বিতীয় ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ছন্দে ফেরে গোয়া। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই আজ নিজেদের তৃতীয় ম্যাচে নেমেছিল গোয়া ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লি। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গোয়া। দলের হয়ে একটিমাত্র গোল করে যান তারকা বিদেশি ফুটবলার দেজান ড্রাজিচ। যারফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল দেশের প্রথম সারির এই ফুটবল দল।
দ্বিতীয় স্থানে নেমে আসলো লাল-হলুদ ব্রিগেড। উল্লেখ্য, এদিন নিজেদের ঘরের মাঠ অর্থাৎ জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে ম্যাচ থাকায় স্বাভাবিকভাবেই যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নেমেছিল মানোলোর দল। তবে প্রতিপক্ষের জমাট বাঁধা রক্ষণভাগ ভেঙে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাঁদের। কিন্তু ৪০ মিনিটের মাথায় চলে এসেছিল সেই মুহুর্ত। দেজানের দৌলতে এগিয়ে যায় দল। প্রথমার্ধে একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের চতুর্থ কোয়ার্টারে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল তাঁদের কাছে।
কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি এই তারকা। নাহলে ব্যবধান বাড়িয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে পারত এবারের সুপার কাপ জয়ীরা। তবে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে সকলের।













