নির্বাচনের জের, এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচ?

কলকাতা: হাতে রয়েছে সপ্তাহ তিনেকের মতো সময়। তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Election) গত মার্চের মাঝামাঝি সময় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই…

east-bengal-vs-punjab-fc-match-reschedule-election-isl-2026

কলকাতা: হাতে রয়েছে সপ্তাহ তিনেকের মতো সময়। তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Election) গত মার্চের মাঝামাঝি সময় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, এই দুই দফার মধ্য দিয়ে রাজ্যে পরিচালিত হবে ভোট। তারপর মে মাসের চতুর্থ দিনে ফল প্রকাশ। বর্তমানে সেই নিয়ে সরগরম গোটা রাজ্য। তবে এবারের এই ভোটের প্রভাব পড়তে পারে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে। গত কয়েক সপ্তাহ পর্যন্ত সাময়িক বিরতি থাকলেও আগামী ৩রা এপ্রিল থেকে ফের শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ।

যেখানে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তার পরের দিন জামশেদপুরের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। সূচি অনুযায়ী এগুলি অ্যাওয়ে ম্যাচ হলেও সপ্তাহ কয়েক পরেই ফের হোম ম্যাচ খেলতে নামবে কলকাতা ময়দানের তিন প্রধান। সেই ম্যাচে পুলিশি নিরাপত্তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। সূচি অনুসারে দেখলে নির্বাচন আবহে আগামী ১১,১৬ এবং ২৪শে এপ্রিল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। এক্ষেত্রে চেন্নাইয়িন এফসির পাশাপাশি বেঙ্গালুরু এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে হবে অস্কার ব্রুজোর ছেলেদের।

   

সপ্তাহ কয়েক আগেই জানা গিয়েছিল যে আসন্ন বেঙ্গালুরু ম্যাচ পর্যন্ত স্টেডিয়ামে দর্শক প্রবেশ সাধারণ থাকলেও ২৪শে এপ্রিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিরুদ্ধে হয়তো দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ খেলতে হতে পারে সাউল ক্রেসপো থেকে শুরু করে ইউসেফ ইজ্জেজারি‌দের। যদিও তা চূড়ান্ত ছিল না। এবার সামনে আসছে আরেক তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে ভোট পরিস্থিতির দিকে নজর রেখে এগিয়ে আনা হতে পারে ম্যাচের দিনক্ষণ। সেক্ষেত্রে ২৪শে এপ্রিলের পরিবর্তে ৭ই এপ্রিল আয়োজিত হতে পারে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচ।

ঠিক এমন প্রস্তাব নাকি উঠে এসেছে ফেডারেশনের তরফে। যদিও সেটা চূড়ান্ত নয়। এক্ষেত্রে দুই দল আদৌও সম্মতি প্রকাশ করে কিনা সেটাই দেখার।