শেষ মুহূর্তে কেরালার ধাক্কা, যুবভারতীতে জিতেও জিতল না ইস্টবেঙ্গল

কলকাতা: প্রথম দু ম্যাচে অনবদ্য জয়ের পর বাকি ২ ম্যাচে আটকে যায় ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার যুবভারতীতে আইএসএলে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে লাল হলুদ।…

east-bengal-vs-kerala-blasters-isl-match-draw-last-minute-goal

কলকাতা: প্রথম দু ম্যাচে অনবদ্য জয়ের পর বাকি ২ ম্যাচে আটকে যায় ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার যুবভারতীতে আইএসএলে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে লাল হলুদ। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল অস্কার ব্রুজোর ছেলেরা। কিন্তু শেষ পর্যন্ত তা বজায় রাখতে ব্যর্থ। একেবারে হতশ্রী পারফরম্যান্স। শেষ মুহূর্তে গোল করে কেরালা। ১-১ ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল হলুদকে। ব্রুজোর কোনও স্ট্র্যাটেজিই কাজে এল না। পয়েন্ট টেবিলে নীচের দিকে থাকা কেরালার বিরুদ্ধেও আটকে গেল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুই দল। ৯ মিনিটের পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। বক্সের ভিতরে এডমুন্ড বল পেয়ে পাস করেন এজেজারিকে। সেই মুহূর্তে শুধুমাত্র জালে বল ঠেলে দেওয়া বাকি। এমন সময় স্প্যানিশ ফুটবলারকে ফাউল করে ফেলে দেন আইবন। তৎক্ষণাৎ পেনাল্টির নির্দেশ দেন রেফারি। হলুদ-কার্ড দেখেন আইবন। ১০ মিনিটের মাথায় কেরালার গোলরক্ষককে পরাস্ত করে ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করেন ইউসেফ এজেজারি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় লাল হলুদ। ১১ মিনিট থেকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কেরালার ফুটবলাররা। গোলের কাছে গিয়েও শেষ মুহূর্তে ব্যর্থ হয় কেরালা ব্লাস্টার্স।

   

প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে মশাল বাহিনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলতে থাকে ইস্টবেঙ্গল। ৫৪ মিনিটে দারুণ ভাবে এজেজারি লাইনের ধারে বাঁ-দিকে থাকা মিগুয়েলের দিকে ঠেলে দেন। বক্সের ভিতরে ঢুকে কাট ইন করে কার্লিং শট নেওয়ার চেষ্টা করেন মিগুয়েল। যদিও তা আটকে দেন কেরালার ডিফেন্ডার। নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে থাকে মশাল বাহিনী। একটা সময় ইস্টবেঙ্গলের সমর্থকরা ভেবেই নিয়েছিল জয় নিশ্চিত। কিন্তু কে জানত, ভাগ্য অন্য কিছু লিখে রেখেছে। সংযুক্ত সময়ের ৯০+২ মিনিটে মহম্মদ আজশাল গোল করে ম্যাচ সমতায় ফেরান। আর গোল করতে পারেনি লাল হলুদ। স্কোরলাইন ১-১।