ভারতে প্রথম বিগ ব্যাশ, চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মেলবোর্ন-পার্থ মুখোমুখি

প্রথমবার অস্ট্রেলিয়ার বাইরে আয়োজিত হচ্ছে বিগ ব্যাশ লিগ। চেন্নাইয়ে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স।

big-bash-league-first-match-in-india-chennai-melbourne-renegades-perth-scorchers

ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ লিগ (Big Bash League)! চেন্নাইয়ে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেলবোর্ন-পার্থ। অস্ট্রেলিয়ার গণ্ডি পেরিয়ে এই প্রথমবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিগ ব্যাশ লিগ। ২০২৬-২৭ মরশুমের ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ডিসেম্বরে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার এই মেগা ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের পর্দা উঠতে চলেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ের ২২ গজে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিগ ব্যাশের অন্যতম দুই দল মেলবোর্ন রেনেগেডসএবং পার্থ স্কর্চার্স। অস্ট্রেলিয়ার এক নম্বর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের মরশুম বিদেশের মাটিতে শুরু হওয়ার এই ঘটনা রীতিমতো বিরল। ক্রীড়ামহলের মতে, এই সিদ্ধান্ত কেবল মাঠের ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রমশ দৃঢ় হতে থাকা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ক্রিকেট কূটনীতির এই নয়া অধ্যায় নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতারাও অত্যন্ত আশাবাদী। ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের ওপর জোর দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ তাঁর মন্তব্যে স্পষ্ট করেছেন এই সম্পর্কের গভীরতা, “অস্ট্রেলিয়া এবং ভারত অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তার চেয়েও অনেক বেশি কাছের বন্ধু।”

দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করে অ্যালবানিজ তাঁকে দুই দেশের মধ্যে একটি “জীবন্ত সেতু” হিসেবে আখ্যা দিয়েছেন। বাণিজ্য থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র সব জায়গাতেই দুই দেশের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি জানিয়েছেন, “দুই দেশের সামনেই এখন বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার এক ঐতিহাসিক সুযোগ রয়েছে।”

বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ ভারতের মাটিতে নিয়ে আসার এই উদ্যোগ সেই বৃহত্তর লক্ষ্য পূরণেরই একটি অংশ। ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ম্যাচ এক প্রতীকী ভূমিকা পালন করতে চলেছে। চেন্নাইয়ের মতো আইকনিক ভেন্যুতে এই ম্যাচ আয়োজিত হলে দুই দেশের অগণিত ক্রিকেটপ্রেমীর মধ্যে যে বিপুল উন্মাদনা তৈরি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।