কলকাতা: বিশ্ব ক্রিকেটে কার্যত রাজ করছে টিম ইন্ডিয়া। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ, সবেতেই চ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠেছে ভারতের। শুধুমাত্র রোহিত-বিরাটরা নন, বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন হরমনপ্রীত-স্মৃতিরা। ওয়ানডে বিশ্বকাপ জিতে বিশ্ববাসীকে চমকে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। এবার সেই ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যাট বিকৃতির অভিযোগ তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa)। যা নিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন তিনি। বিতর্কের মাঝে আবার পালটি খেলেন শ্রীলঙ্কার ৩৪ বছর বয়সি ক্রিকেটার।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেটারদের বড় শট খেলার দক্ষতা নিয়ে পরোক্ষ ভাবে প্রশ্ন তোলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটাররা যে ব্যাটে খেলেন, তাতে নাকি রবারের আস্তরণ রয়েছে। যে ব্যাট নিয়ে ম্যাচে নামেন ভারতীয় ক্রিকেটাররা সেগুলি অন্য কোনও দেশের ক্রিকেটারদের কিনতে দেওয়া হয় না বলে দাবি করেন ভানুকা রাজাপক্ষ। অর্থাৎ, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়াদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভানুকা রাজাপক্ষ দাবি করেন, “আমরা যে ব্যাট নিয়ে মাঠে নামি, ভারতীয়রা তার থেকে অনেক ভালো ব্যাট ব্যবহার করে। আমার তো মনে হয়, যেন ব্যাটে একটা রবারের স্তর লাগানো আছে। আমি জানি না সেটা কীভাবে সম্ভব? অন্য প্লেয়াররা জানে যে, এই ব্যাট আর কেউ কিনতে পারবে না।“ এককথায়, ভারতের বিরুদ্ধে ‘ব্যাট ট্যাম্পারিং’-এর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ক্রিকেটার। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, ভানুকা রাজাপক্ষের এই ধরণের বক্তব্যের কোনও ভিত্তি নেই।
বিতর্কের ঝড়ে বেশ চাপে পড়ে যান ভানুকা রাজাপক্ষ। সাফাই দিয়ে তিনি বলেন, “আমার সাম্প্রতিক সাক্ষাৎকারে একটি অংশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি আসলে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে চেয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম, ভারতীয় ক্রিকেট কতটা উন্নত। ওদের পরিকাঠামো, সিস্টেম ও সরঞ্জাম কত আধুনিক। যাঁরা ব্যাট তৈরি করেন, তাঁরা বিশ্বের সেরা। বিষয়টা পরিষ্কার করে দিতেই এই ব্যাখ্যা। ভারতীয় ক্রিকেটের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ওঁদের অসম্মান করার কোনও লক্ষ্য আমার ছিল না।“




















