শুক্রবার কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা (Barcelona vs Atletico Madrid)। কিন্তু লজ্জার হার বার্সার। কার্যত আতলেতিকো মাদ্রিদের কাছে নাজেহাল অবস্থা হ্যান্সি ফ্লিকের দলের। ৪-০ ব্যবধানে হারের মুখ দেখতে হল বার্সেলোনাকে। আগামী ৩ মার্চ ন্যু ক্যাম্পে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে নামবে বার্সা। কোচিং জীবনে সবচেয়ে লজ্জাজনক হার হ্যান্সি ফ্লিকের।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের ৭ মিনিটের মাথায় এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। বার্সা ভক্তদের কাছে খলনায়ক হয়ে ওঠেন এরিক গার্সিয়া। এর ঠিক ৭ মিনিট পরই অর্থাৎ ১৪ মিনিট নাগাদ আঁতোয়া গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায় আতলেতিকো মাদ্রিদ। ৩৩ মিনিটে আদেমোলা লুকম্যান গোল করে স্কোরলাইন ৩-০ করে দেন।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে জুলিয়ান অ্যালভারেজের করা গোল আরও ব্যবধান বেড়ে যায় আতলেতিকো মাদ্রিদের। প্রথমার্ধ শেষে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বার্সা। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ করতে পারেনি। এর মধ্যে আবার ৮৫ মিনিট নাগাদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। ১০ জনের হয়ে যায় বার্সা। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করলেও গোলের খাতা খুলতে পারেনি হ্যান্সি ফ্লিকের ছেলেরা। স্কোরলাইন ৪-০।



