শেষ ম্যাচে ড্র করেও নকআউটে অস্ট্রিয়া, সেরা তৃতীয় দল হিসেবে উঠল আলজেরিয়া

বিশ্বকাপের গ্রুপ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। (World Cup 2026)রবিবার কানসাস স্টেডিয়ামে গ্রুপ জে-র শেষ ম্যাচে সেই রোমাঞ্চই আরও একবার উপহার দিল…

austria-vs-algeria-world-cup-2026-round-of-32-best-third-placed-team

বিশ্বকাপের গ্রুপ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। (World Cup 2026)রবিবার কানসাস স্টেডিয়ামে গ্রুপ জে-র শেষ ম্যাচে সেই রোমাঞ্চই আরও একবার উপহার দিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা গেল মোট ছয়টি গোল। শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এই ড্রয়ের ফলে তিন ম্যাচে দুই দলেরই পয়েন্ট হল ৪।

তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সরাসরি রাউন্ড অফ ৩২-এ জায়গা করে নেয় অস্ট্রিয়া। অন্যদিকে, সেরা তৃতীয় স্থানাধিকারী দলের তালিকায় জায়গা নিশ্চিত করে নক-আউটের টিকিট পেয়ে যায় আলজেরিয়াও। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ২৮ মিনিটে প্রথম সাফল্য পায় অস্ট্রিয়া। মাঝমাঠ থেকে ডেভিড আলাবার নিখুঁত থ্রু বল ধরে বক্সের ভিতরে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোল করেন মার্কো আর্নাউতোভিচ। সেই গোলেই এগিয়ে যায় ইউরোপের দলটি।

   

আরও দেখুনঃ হ্যারি কেনের নতুন ইতিহাস, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

গোল হজম করার পর পাল্টা আক্রমণে ঝাঁপায় আলজেরিয়া। রফিক বেলঘালির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একের পর এক সুযোগ নষ্ট করেন ইব্রাহিম মাজা ও ফারেস শাইবি। প্রথমার্ধের শেষ দিকে রিয়াদ মাহরেজের শট ব্লক করেন অস্ট্রিয়ার ডিফেন্ডাররা। ৪৪ মিনিটে মাজা নিশ্চিত গোলের সুযোগ পেলেও দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান গোলকিপার আলেকজান্ডার শ্লাগার।

দ্বিতীয়ার্ধেও নাটক থামেনি। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত ডান পায়ের শটে বল জালে জড়িয়ে অস্ট্রিয়াকে আবারও এগিয়ে দেন মার্সেল সাবিৎজার। তখন মনে হচ্ছিল জয় বুঝি অস্ট্রিয়ার হাতেই চলে এসেছে। কিন্তু মাত্র পাঁচ মিনিট পরই জবাব দেয় আলজেরিয়া। হুসেম আওয়ারের নিখুঁত পাস থেকে রিয়াদ মাহরেজ গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শেষ দিকে আলজেরিয়া আরও একবার এগিয়ে গিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল।

কিন্তু যোগ করা সময়ে নাটকীয় প্রত্যাবর্তন করে অস্ট্রিয়া। সাশা কালাইদজিচ গুরুত্বপূর্ণ গোল করে দলকে হার এড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৩-৩ স্কোরলাইনেই শেষ হয় এই দুর্দান্ত লড়াই। এই ড্রয়ের ফলে তিন ম্যাচ শেষে অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্স-আপ হয় অস্ট্রিয়া। ফলে তারা সরাসরি রাউন্ড অফ ৩২-এ জায়গা নিশ্চিত করে। অন্যদিকে, এবার বিশ্বকাপের নতুন ফরম্যাটে ১২টি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী মোট ২৪টি দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলও নক-আউটে ওঠার সুযোগ পাচ্ছে।

সেই নিয়মেই গ্রুপ জে-র তৃতীয় দল হিসেবে আলজেরিয়াও শেষ ৩২-এ জায়গা করে নেয়। ফলে এই গ্রুপ থেকে তিনটি দলই নক-আউটে পৌঁছল। এর আগেই টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে গ্রুপ জে-র নক-আউটের ছবিও সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল।