চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার (Australia)লড়াই শেষ হল গোলশূন্য ড্রয়ে। সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই একাধিক আক্রমণ গড়ে তুললেও শেষ পর্যন্ত কোনও পক্ষই গোলের মুখ খুলতে পারেনি। রক্ষণভাগের দৃঢ়তা এবং দুই গোলরক্ষকের দুরন্ত পারফরম্যান্সের কারণেই ম্যাচের স্কোরলাইন অপরিবর্তিত থাকে। তবে এই ড্র অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ছিল। চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে তারা নকআউট পর্বে জায়গা করে নেয়।
ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে চেষ্টা করে। প্রথম দিকেই ক্রিশ্চিয়ান ভোলপাতোর বাড়ানো বল থেকে জ্যাকসন আরভাইন সুযোগ পেলেও তাঁর ডান পায়ের শট দারুণ দক্ষতায় আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। এরপরও অস্ট্রেলিয়া বারবার প্রতিপক্ষের বক্সে চাপ সৃষ্টি করলেও শেষ মুহূর্তে গোলের দেখা মেলেনি।
আরও দেখুনঃ ড্র করেও ইতিহাস ! এই বিশ্বকাপের প্রথম এশীয় দল হিসেবে নকআউটে জাপান
২৩ মিনিটে কনর মেটকাফের নেওয়া শট প্যারাগুয়ের ডিফেন্ডাররা ব্লক করে দেন। এরপর ৩৬ মিনিটে জর্ডান বসের জোরালো প্রচেষ্টাও গিলের হাতে আটকে যায়। প্রথমার্ধের শেষদিকে আবারও সুযোগ পান ভোলপাতো, কিন্তু তাঁর শটও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন থাকে ০-০। প্রথমার্ধে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে প্যারাগুয়ে।
৪৮ মিনিটে আন্দ্রেস কুবাস দূরপাল্লার শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর মাউরিসিওর শক্তিশালী শট এবার দুর্দান্ত সেভ করেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। দুই গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সই ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। ৫৮ মিনিটে পরিবর্তন এনে ক্রিশ্চিয়ান ভোলপাতোর বদলে আজদিন হ্রুস্টিচকে মাঠে নামান অস্ট্রেলিয়ার কোচ। বদলি হিসেবে নেমেই ৬১ মিনিটে গোলের চেষ্টা করেন তিনি, কিন্তু প্যারাগুয়ের রক্ষণভাগ সেই আক্রমণও সফলভাবে প্রতিহত করে।
ম্যাচ যত শেষের দিকে গড়ায়, ততই দুই দল জয়ের মরিয়া চেষ্টা চালায়। ৮২ মিনিটে প্যারাগুয়ের এনসিসোর শট অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর জর্ডান বসও ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। ৮৪ মিনিটে প্যারাগুয়ে ওমর অ্যালডেরেটের পরিবর্তে হোসে ক্যানেলেকে নামিয়ে নতুন উদ্যমে আক্রমণের চেষ্টা করে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তেও অস্ট্রেলিয়া গোলের সুযোগ পায়। ৯০ মিনিটে জর্ডান বসের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
অতিরিক্ত সময়েও টেটে ইয়েঙ্গির জোরালো শট অসাধারণভাবে রুখে দেন অরল্যান্ডো গিল। তাঁর একের পর এক সেভ প্যারাগুয়েকে হার থেকে বাঁচায়।
শেষ পর্যন্ত কোনও দলই কাঙ্ক্ষিত গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় ০-০ সমতায়। যদিও জয় অধরা থেকেছে, এই এক পয়েন্টই অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ছিল। চার পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে। অন্যদিকে প্যারাগুয়ে লড়াকু ফুটবল খেলেও গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে না পারায় হতাশ হয়েই মাঠ ছাড়লেন প্যারাগুয়ে দল।



