প্রতিপক্ষ মোহনবাগান! প্রাক্তন দলের বিপক্ষে নামার আগে কী বললেন আশিক?

কলকাতা: স্পোর্টিং ক্লাব দিল্লিকে পরাজিত করে এবারের আইএসএল শুরু করেছে‌ বেঙ্গালুরু এফসি‌ (Bengaluru FC)। তারপর শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও…

Bengaluru FC ashique-kurunanian

কলকাতা: স্পোর্টিং ক্লাব দিল্লিকে পরাজিত করে এবারের আইএসএল শুরু করেছে‌ বেঙ্গালুরু এফসি‌ (Bengaluru FC)। তারপর শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল রেনেডি সিংয়ের ছেলেদের। তারপর হোঁচট খেতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে। সেই ধাক্কা কাটিয়ে গত কয়েকদিন আগেই কিশোর ভারতী স্টেডিয়ামে জয় পেয়েছে সুনীল ব্রিগেড। তাঁরা পরাজিত করেছে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে সকলের। এই ধারাবাহিকতা বজায় রেখেই এবার আজ সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে নামছে বেঙ্গালুরু এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে গতবারের সেরার সেরা দল মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁদের বিপক্ষে জয় পাওয়া যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন দলের ফুটবলাররা। তবে মহামেডান ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই এবার নিজেদের ঘরের মাঠে থেকে পুরো পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন রায়ান উইলিয়ামসরা।

   

এছাড়াও এই ম্যাচে সকলের নজর থাকবে বাগানের প্রাক্তন ফুটবলার আশিক কুরুনিয়ান। বর্তমানে রেনেডি সিংয়ের বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন আশিক। গত কয়েক ম্যাচ ধরে যথেষ্ট নজর কেড়ে আসছেন এই ফুটবলার। এই ম্যাচের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ আমি ওদের সঙ্গে অনেকদিন খেলেছি। আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। তবে আমি এখন যে ক্লাবে আছি, সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব সবসময়। আমি এই ক্লাবকে ও যথেষ্ট ভালোবাসি, শহরকে ও ভালোবাসি। তবে মাঠের লড়াই আবেগকে প্রাধান্য দেব না।’

আরও বলেন, ‘ আমার বিপক্ষে যেই থাকুক না কেন, নিজের একশো শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা থাকবে।’ নিজের প্রাক্তন দলের বিপক্ষে আদৌও কতটা সক্রিয় হতে পারেন এখন সেটাই দেখার।