টাকার লোভে বিশ্বকাপকে কর্পোরেট নিলামে তোলার যে সর্বনাশা ছক কষেছিলেন ফিফা (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, তা কার্যত তাঁরই গলায় ফাঁস হয়ে বসল! উয়েফা এবং কনকাকাফ-এর চরম বয়কটের হুমকির পর এবার সরাসরি বিদ্রোহের সুর চড়াল এশিয়া। শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল, ফুটবলের আত্মাকে বিক্রি করে দেওয়ার এই খামখেয়ালি প্রস্তাব তারা কোনওমতেই মেনে নেবে না। ফলস্বরূপ, নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে বিশ্ব ফুটবলের মানচিত্রে এখন সম্পূর্ণ একঘরে ও বন্ধুহীন ফিফা বস।
কোনও রাখঢাক না করে একেবারে সরাসরি ফিফার দিকে আঙুল তুলেছে এএফসি। তাদের কড়া বিবৃতি কাউকে না জানিয়ে, কারও সঙ্গে কোনওরকম শলাপরামর্শ না করে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়াটা ফিফার চরম প্রশাসনিক দেউলিয়াপনার নগ্ন প্রমাণ। এএফসি-র স্পষ্ট হুঁশিয়ারি, বিশ্বকাপ জুরিখের কর্তাদের পৈতৃক সম্পত্তি নয়, এটি গোটা বিশ্বের আবেগ। এর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ফিফার নেই। যা সিদ্ধান্ত নেওয়ার, তা নিতে হবে সমস্ত সদস্য দেশের সঙ্গে কথা বলেই।
বাইরের প্রবল বিদ্রোহের পাশাপাশি ফিফার অন্দরমহলেও এখন চূড়ান্ত ডামাডোল। ইনফান্তিনোর এই নির্লজ্জ কর্পোরেট লালসায় বীতশ্রদ্ধ হয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তাঁরই প্রধান উপদেষ্টা কার্লোস কালদেইরো। তাঁর বিস্ফোরক দাবি এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া মানে ফুটবলের ভবিষ্যৎকে পুঁজিপতিদের কাছে চিরতরে বন্ধক রাখা।
ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়া ইনফান্তিনোর হঠকারী একনায়কতন্ত্রের বিরুদ্ধে আজ এককাট্টা গোটা বিশ্ব। টাকার পাহাড়ের নিচে ফুটবলের আবেগকে কবর দেওয়ার যে স্পর্ধা ফিফা দেখিয়েছিল, এএফসির এই কড়া বার্তার পর তা আক্ষরিক অর্থেই মৃত্যুর প্রহর গুনছে!





