কলকাতা: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট জীবন ও ব্যক্তিগত ওঠাপড়া এবার উঠে আসতে চলেছে বড়পর্দায়। সৌরভের বায়োপিক তৈরির ঘোষণার পর থেকেই দর্শক ও অনুরাগীদের মনে দুটি প্রধান কৌতূহল ছিল, পর্দায় ‘দাদা’র ভূমিকায় কাকে দেখা যাবে, আর ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রেই বা কে অভিনয় করবেন? বহু জল্পনা-কল্পনার পর ইতিমধ্যেই জানা গেছে, পর্দায় সৌরভের চরিত্রে ধরা দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। কিন্তু ‘ডোনা’ কে হচ্ছেন, তা নিয়ে টলিউড থেকে বলিউড, একাধিক নায়িকার নাম ঘোরাফেরা করলেও অবশেষে সেই খোঁজ বোধহয় শেষ হতে চলেছে।
কাস্টিংয়ের দায়িত্বে মুকেশ ছাবড়া
সৌরভের বায়োপিকের কাস্টিংয়ের গুরুদায়িত্ব সামলাচ্ছেন মুম্বইয়ের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য প্রথম থেকেই বাঙালি অভিনেত্রীদের ওপরই ভরসা রাখতে চাইছিলেন নির্মাতারা, যাতে পর্দায় নিখুঁত বাঙালিয়ানা ফুটে ওঠে। সেই সূত্রেই বলিপাড়ার পাশাপাশি টলিপাড়ার একাধিক নায়িকার লুক টেস্ট করা হয়। এমনকি ‘রক্তবীজ ২’-এর সেটেও নাকি হাজির হয়েছিলেন মুকেশ। প্রাথমিক পর্যায়ে টিনসেল টাউনের প্রথম সারির দুই নায়িকা, মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল।
কেন বাদ পড়ছেন মিমি বা ইশা? Sourav Ganguly biopic cast
বিশ্বস্ত সূত্রের খবর, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য মিমি চক্রবর্তী বা ইশা সাহাকে সম্ভবত নেওয়া হচ্ছে না। এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, নির্মাতারা এমন কাউকে খুঁজছেন যাঁকে পর্দায় ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনার মতো দেখায় এবং যাঁর মুখের আদলের সঙ্গে সৌরভ-পত্নীর মিল রয়েছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডোনা গঙ্গোপাধ্যায় নিজে একজন প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। তাই পর্দায় তাঁর চরিত্রে যিনি অভিনয় করবেন, তাঁকেও নাচে অত্যন্ত পারদর্শী হতে হবে।
তাহলে কে হচ্ছেন ডোনা?
বয়স, মুখের আদল এবং নাচের দক্ষতা, এই সবকটি শর্ত পূরণ করার ক্ষেত্রে এখন টলিপাড়ার এক তরুণী অভিনেত্রীর নাম প্রবলভাবে উঠে আসছে। তিনি হলেন অমৃতা চট্টোপাধ্যায়। এর আগে ‘ভূতপূর্ব’ সিনেমায় দর্শকদের নজর কেড়েছিলেন অমৃতা। তিনি যেমন দক্ষ অভিনেত্রী, তেমনই দুর্দান্ত নৃত্যশিল্পী। ১৮ থেকে ২০ বছর বয়সীর লুকে অমৃতাকে বেশ মানানসই বলেই মনে করছেন নির্মাতারা। আর সেই কারণেই ডোনা চরিত্রের জন্য তাঁকেই চূড়ান্তভাবে বেছে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
অন্যদিকে, এই বায়োপিকে কাস্টিং নিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সব মিলিয়ে ‘দাদা’র বায়োপিক নিয়ে দর্শকদের উন্মাদনা যে আরও কয়েক গুণ বেড়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।




















