কলকাতা: গেরুয়া ঝড়ে রাজ্যে পালা বদলের পর দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানায় ইতি পড়েছে৷ শাসক থেকে আচমকাই রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা জুটেছে তৃণমূল কংগ্রেসের কপালে। বিপুল আসনে বিজেপির কাছে হারের পর দলের কর্মীদের মনোবল যখন তলানিতে, ঠিক তখনই কর্মীদের পাশে থাকার বার্তা দিতে ময়দানে নামছেন স্বয়ং নেত্রী। সূত্রের খবর, আগামী ২ জুন সকাল ১০টা থেকে রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হবে তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ। কর্মসূচির প্রথমার্ধে মঞ্চে থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব এবং দুপুরের দিকে ধরনাস্থলে হাজির হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই কর্মসূচির অনুমতির জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল। তবে প্রশাসনের তরফে এখনও চূড়ান্ত ‘গ্রিন সিগন্যাল’ মেলেনি। (Mamata Banerjee to Lead TMC Protest After BJP Victory in West Bengal)
উল্লেখ্য, এই ধরনার অনুমতি পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে কিছুটা ধন্দ তৈরি হয়েছে। কারণ, ক্ষমতা হারানোর পর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতার তিনটি আলাদা জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিল তৃণমূল, যা খারিজ করে দেয় কলকাতা পুলিশ। ফলে এবার পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
অন্যদিকে, ২ জুন থেকেই কলকাতার বাইরে সমান্তরাল প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি সরাসরি চলে যাচ্ছেন বীরভূমের নানুরে। সেখানে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের সঙ্গে সশরীরে দেখা করবেন ডায়মন্ড হারবারের এই তৃণমূল সাংসদ। তাঁদের পাশে দাঁড়িয়ে সবরকম আইনি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন তিনি। সব মিলিয়ে, হারের ধাক্কা সামলে আগামী ২ জুন থেকে ফের নতুন করে আন্দোলনের রাস্তায় ফিরতে চাইছে তৃণমূল কংগ্রেস।




















