Saturday, May 23, 2026
Home Sports News অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পঞ্জাব, প্রতিপক্ষ লখনউ

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পঞ্জাব, প্রতিপক্ষ লখনউ

punjab-kings-vs-lucknow-super-giants-ipl-2026

Kolkata, May 23: দীর্ঘদিন অপরাজিত থাকার পর শেষ ছয়টি ম্যাচে হার। (Punjab Kings)এই পরিসংখ্যানের কারণে পিছিয়ে পড়েছে পঞ্জাব কিংস। আজ, শনিবার (২৩ মে) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে শ্রেয়স আয়াররা। সন্ধ্যা ৭:৩০ মিনিটে একানা স্টেডিয়ামে ম্যাচ শুরু।

- Advertisement -

মরসুমে শুরুটা ভালোই করেছিল প্রীতি জিন্টার দল। কিন্তু হঠাৎই ছন্দ পতন হল। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রেয়স আয়ার ব্রিগেড। বর্তমানে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে। আজ তাদের লিগ পর্বের শেষ ম্যাচ। আজ জিতলে দল সংগ্রহ করবে মোট ১৫ পয়েন্ট। এরপরেও প্লে-অফের জন্য অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে। তার আগে আজ তাদের লখনউকে পরাজিত করতেই হবে।

   

অন্যদিকে, অনেক আগেই ‘রেস টু প্লে-অফ’ থেকে ছিটকে গিয়েছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। এই মরসুমটা ভালো কাটছে না লখনউয়ের। এখনো পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র ৪টি-তে জয়ী এলএসজি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ঠেকেছে এই দল। এমতাবস্থায় আজ লিগ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে নামবে আয়ুশ বাদোনিরা।

আজ টুর্নামেন্টে টিকে থাকার জন্য পঞ্জাব মরিয়া হয়ে উঠবে এই খেলায় জিততে। পক্ষান্তরে লখনউও তাদের শেষ ম্যাচে সহজে পরাজয় স্বীকার করবে না। সব মিলিয়ে একটি হাড্ডাহাড্ডি লড়ায়ের স্বাক্ষী হতে চলেছে একানা স্টেডিয়াম।

পরিসংখ্যান অনুসারে, আইপিএল-এ পঞ্জাব ও লখনউ – এই দুই দল একে অপরের বিপক্ষে মোট সাতটি ম্যাচ খেলেছে। যেখানে পঞ্জাব কিংস চারটি জয় পেয়েছে এবং লখনউ সুপার জায়ান্টস জিতেছে তিনটি ম্যাচ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার লখনউতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় তাপমাত্রা প্রায় ৩৮° সেলসিয়াস থাকতে পারে এবং গড় আর্দ্রতা ২৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।

একানা স্টেডিয়ামের পিচটি ভারসাম্যপূর্ণ। ব্যাটসম্যানরা পাওয়ার প্লে-তে রান করার জন্য বলের গতিকে কাজে লাগাতে পারেন। খেলা যত এগোবে, উইকেট তত ধীরগতির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলার শেষ পর্যায়ে স্পিনারদের একটি বড় ভূমিকা থাকবে। উইকেটের ধীরগতির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হতে পারে। তাই, এখানে প্রথমে ব্যাটিং করাই আদর্শ হতে পারে।

পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শ্রেয়স আয়ার (অধিনায়ক), সূর্য্যশ সেডগে, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ ওমরজাই, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: মার্কাস স্টয়নিস।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ, জশ ইঙ্গলিস, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটরক্ষক), আয়ুশ বাদোনি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মহসিন খান, মায়াঙ্ক যাদব, আকাশ মহারাজ সিং, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: দিগ্বেশ রাঠি।

Follow on Google