দার্জিলিং: ২ দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)৷ রাষ্ট্রপতি হওয়ার পর এটি তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর৷ ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরবঙ্গকে৷ জারি করা হয়েছে সর্তকতা৷
সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন দ্রৌপদী মুর্মু৷ সেখান থেকে সরাসরি দার্জিলিংয়ের লোকভবন যাবেন তিনি৷ সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এবং দার্জিলিং হিল ফেস্টিভ্যাল ২০২৬ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি৷ শুক্রবারের অনুষ্ঠান শেষে পরের দিন অর্থাৎ শনিবার গোঁসাইপুরে পৌঁছাবেন তিনি৷
সেখানে একটি আদিবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু৷ অনুষ্ঠানটি বিধাননগরে হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তা গোঁসাইপুরে স্থানান্তর করা হয়েছে৷ গোঁসাইপুর থেকে রাষ্ট্রপতি ভার্চুয়ালি বিধাননগরের অনুষ্ঠান উদ্বোধন করবেন৷ পাশাপাশি বৃক্ষরোপণ উৎসবও ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করবেন তিনি৷ এরপর সেখান থেকেই ফিরে যাবেন রাষ্ট্রপতি৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷
প্রতি বছর অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলনের নবম সংস্করণ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি৷ বিগত বছর এই সম্মেলন অসমে অনুষ্ঠিত হয়েছিল৷ রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল এবং দেশ-বিদেশের অতিথিরা৷ সম্মেলনে আদিবাসী সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর৷




















