
ফলতা: দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ মঙ্গলবার আরও বাড়ল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ রোড শোকে কেন্দ্র করে (Suvendu Adhikari)। ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা পুনর্নির্বাচনের আগে প্রচারের শেষ দিনে বিজেপির শক্তি প্রদর্শন ঘিরে কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে আয়োজিত এই রোড শো ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে।
দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও রাস্তায় নেমে শুভেন্দুকে এক ঝলক দেখতে ভিড় জমান। সম্প্রতি ফলতায় একটি জনসভায় শুভেন্দু অধিকারী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে। তিনি বলেন জাহাঙ্গীর যে নিজেকে পুষ্পা বলে দাবি করে তার দায়িত্ব শুভেন্দুর এবং তিনি ফলতার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।
আরও দেখুনঃ এবার দামি হল প্রাতরাশ! দুধের পর এবার দামি হল সকালের পাউরুটি
প্রচারের সূচনাতেই ধর্মীয় আবহ তৈরি করেন শুভেন্দু অধিকারী। রোড শো শুরু করার আগে তিনি ফলতার বনেশ্বর এলাকার একটি প্রাচীন শিবমন্দিরে গিয়ে পুজো ও আরতি দেন। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে স্থানীয় পুরোহিতদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। এরপর একটি হুডখোলা গাড়িতে চড়ে বনেশ্বর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ রোড শো করেন মুখ্যমন্ত্রী। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশে হাত নাড়েন, শুভেচ্ছা জানান এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।
রোড শো চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। হাতে দলীয় পতাকা, গেরুয়া আবির এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। “আবার বিজেপি”, “ফলতায় পদ্ম ফুটবেই” ইত্যাদি স্লোগানে কার্যত নির্বাচনী আবহ চরমে পৌঁছায়। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে ফুল ছুঁড়ে স্বাগত জানানো হয়। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই মোবাইলে ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত ছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার অন্তর্গত হওয়ায় এই কেন্দ্রের পুনর্নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের আগে এই ভোটকে বিজেপি ও বিরোধী দলগুলি মর্যাদার লড়াই হিসেবেই দেখছে। তাই শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব।
বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, ফলতার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। তিনি বলেন, “মানুষ উন্নয়ন চায়, দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। ফলতার মানুষ এবার বিজেপির পাশে দাঁড়াবে।” পাশাপাশি তিনি দলীয় কর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত বুথভিত্তিক প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশও দেন।
অন্যদিকে, বিজেপির এই রোড শোকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফে। গোটা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নজরদারিও চালানো হয়। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বহুদিন পর ফলতায় এত বড় রাজনৈতিক জমায়েত দেখা গেল। এক ব্যবসায়ীর কথায়, “আজ সকাল থেকেই এলাকায় অন্যরকম পরিবেশ। অনেক দূরদূরান্ত থেকেও মানুষ এসেছে।” আবার এক কলেজ পড়ুয়ার বক্তব্য, “ভোটের আগে এমন রোড শো এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিল।”
২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে প্রচারের শেষ দিনে শুভেন্দু অধিকারীর এই রোড শো বিজেপির নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
